ই-পেপার

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।

আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১০
১৩ ভিউ
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

বুধবার (১৪ অক্টোবর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী আফরোজা আব্বাস।

মির্জা আব্বাসের দেশে ফেরার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাঁর সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল। তিনি জানান, মির্জা আব্বাস এখন অনেকটাই সুস্থ।

এর আগে, ফলোআপ চিকিৎসার জন্য গত ১৬ সেপ্টেম্বর মালয়েশিয়া যান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। সেখানে প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন ছিলেন তিনি। এরও আগে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় পাঁচ মাস চিকিৎসা শেষে গত ২ সেপ্টেম্বর দেশে ফেরেন মির্জা আব্বাস।

গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাঁকে রাতেই এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরে দ্রুত অস্ত্রোপচারের পর এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দেড় মাস চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে পরবর্তী সময়ে ফলোআপের জন্য আবারও মালয়েশিয়া যান তিনি।