ই-পেপার

বিচ্ছেদ-পরবর্তী সম্পত্তি বিরোধে সমঝোতা পিট-জোলির

দীর্ঘদিনের আইনি বিরোধের অবসান ঘটিয়ে আদালতের বাইরে সমঝোতা

আপডেট: ২৮ নভেম্বর ২০২৬, ২১:৪২
১৮ ভিউ
বিচ্ছেদ-পরবর্তী সম্পত্তি বিরোধে সমঝোতা পিট-জোলির

ছবি সংগৃহীত: ফাইল ছবি

বিনোদন ডেস্ক : দীর্ঘদিনের আইনি বিরোধের অবসান ঘটিয়ে আদালতের বাইরে সমঝোতা করেছেন হলিউড তারকা ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। ফ্রান্সের বিখ্যাত ওয়াইনারি ‘শ্যাটো মিরাভাল’-এর মালিকানা ও শেয়ার বিক্রিকে কেন্দ্র করে বিচ্ছেদের পর থেকে চলা বিরোধ মিটিয়ে নিয়েছেন সাবেক এই দম্পতি।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে দুই তারকার প্রতিনিধিরা সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে চুক্তির শর্ত বা আর্থিক লেনদেন সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, ‘পরিবারের কথা ভেবে আমরা আদালতের বাইরে বিষয়টি মিটিয়ে নিয়েছি এবং এ বিষয়ে আর কোনও মন্তব্য করব না।’

২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে পিট ও জোলির ঘনিষ্ঠতা তৈরি হয়। তখন জেনিফার অ্যানিস্টনের সঙ্গে বিবাহিত ছিলেন পিট। পরে জোলির সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। ‘ব্র্যাঞ্জেলিনা’ নামে পরিচিত এই জুটি হলিউডের অন্যতম আলোচিত তারকা দম্পতি হয়ে ওঠেন। এক যুগের বেশি সময় একসঙ্গে থাকার পর ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। এই দম্পতির ছয় সন্তান রয়েছে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।

তবে বিচ্ছেদের নিষ্পত্তি হলেও ফ্রান্সের ওয়াইনারিটির মালিকানা ও নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব অব্যাহত ছিল। সম্পত্তিটির অংশীদারত্ব এবং শেয়ার বিক্রির অধিকার নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। আগের পারস্পরিক সমঝোতার ব্যাখ্যা নিয়েও তাদের অবস্থান ছিল আলাদা। একপর্যায়ে বিষয়টি আদালতে গড়ায়।

জোলি ওয়াইনারিতে নিজের অংশ ‘স্টোলি গ্রুপ’-এর একটি ইউনিটের কাছে বিক্রি করেন। পিটের দাবি, এই বিক্রির মধ্য দিয়ে তাদের পারস্পরিক সম্মতির চুক্তি ভঙ্গ করেছেন জোলি। এ অভিযোগে তিনি মামলা করেন। পাল্টা মামলায় জোলি পিটের বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ণ আচরণের অভিযোগ তোলেন।

আদালতে দাখিল করা নথিতে জোলির আইনজীবীরা আরও দাবি করেন, গার্হস্থ্য নির্যাতনের অভিযোগ নিয়ে নীরব থাকার শর্তে গোপনীয়তা চুক্তিতে (এনডিএ) সই করতে রাজি না হওয়ায় পিট তার অংশ কিনতে অস্বীকৃতি জানান। এ ছাড়া ২০১৬ সালের সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়া থেকে ফ্রান্সে যাওয়ার পথে ব্যক্তিগত বিমানে এক সন্তানের গলা চেপে ধরা এবং অন্য সন্তানকে আঘাত করার অভিযোগও পিটের বিরুদ্ধে আনা হয়। তবে এসব অভিযোগের ঘটনায় কোনো ফৌজদারি মামলা হয়নি।