ই-পেপার

তাহসিফ সৌরির মৃত্যুর তদন্তে নতুন মোড়

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির (২৮) মৃত্যুর ঘটনায় নতুন তথ্য পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

আপডেট: ৩০ অক্টোবর ২০২৬, ১৬:৫০
১০ ভিউ
তাহসিফ সৌরির মৃত্যুর তদন্তে নতুন মোড়

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

নিখোঁজ হওয়ার পর তার মোটরসাইকেলটি গাজীপুরের টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

পিবিআই সূত্রে জানা গেছে, তদন্তের ধারাবাহিকতায় তাহসিফের ব্যবসায়িক অংশীদার শাহরিয়ার রেজা দ্বীপকে হেফাজতে নেওয়া হয়। পরে শুক্রবার সকালে তাকে সঙ্গে নিয়ে টঙ্গীর মাজার বস্তির হোন্ডা গলি এলাকায় অভিযান চালায় পিবিআই। সেখানকার একটি দোকানের সামনে নম্বরপ্লেটবিহীন অবস্থায় পার্ক করা মোটরসাইকেলটি জব্দ করা হয়। দ্বীপ মোটরসাইকেলটি তাহসিফের বলে শনাক্ত করেন।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় ঘটনার রাতে দ্বীপ ও তাহসিফের সর্বশেষ অবস্থান টঙ্গীর মাজার বস্তি এলাকায় শনাক্ত করা হয়। জিজ্ঞাসাবাদে দ্বীপ জানিয়েছেন, উত্তরা থেকে দুটি মোটরসাইকেলে করে তারা ঘুরতে ওই এলাকায় গিয়েছিলেন। পরে মোটরসাইকেল রেখে তুরাগ নদের তীরে যাওয়ার পর তিনি তাহসিফকে হারিয়ে ফেলেন। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে বাসায় ফিরে যান।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া পিবিআই কর্মকর্তা সাজিদ জানান, দ্বীপের দেখানো স্থান থেকেই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। তবে তারা কেন গভীর রাতে ওই এলাকায় গিয়েছিলেন এবং সেখানে কারও সঙ্গে দেখা করেছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিকেলে ঢাকার উত্তরখানের তুরাগ নদের রাজাঘাট এলাকা থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। তিনি উত্তরার ১৮ নম্বর সেক্টরে পরিবারের সঙ্গে বসবাস করতেন। মরদেহ উদ্ধারের পর থেকে তার মোটরসাইকেলটির কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। মোটরসাইকেলটি উদ্ধারের মধ্য দিয়ে মৃত্যুর ঘটনার তদন্তে নতুন সূত্র পেল পুলিশ।