ই-পেপার

সর্বকালের সেরা ব্যালন ডি’অরজয়ী হয়ে বার্তা দিলেন রোনালদো

সর্বকালের সেরা ব্যালন ডি’অরজয়ী হিসেবে নির্বাচিত হয়েছেন পর্তুগিজ সুপারস্টার

আপডেট: ২৯ অক্টোবর ২০২৬, ২১:৩০
১৪ ভিউ
সর্বকালের সেরা ব্যালন ডি’অরজয়ী হয়ে বার্তা দিলেন রোনালদো

ছবি সংগৃহীত: ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক : সর্বকালের সেরা ব্যালন ডি’অরজয়ী হিসেবে নির্বাচিত হয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। জনপ্রিয় ভোটে নির্বাচিত হয়ে এই স্বীকৃতি পেয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার সময় পাওয়া ব্যালন ডি’অরজয়ী মৌসুমটিই ভোটে সবার ওপরে জায়গা করে নিয়েছে।

স্বীকৃতি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন রোনালদো। সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, ‘ফুটবল সমর্থকদেরই খেলা! সারা বিশ্বের সব সমর্থককে ধন্যবাদ। সর্বকালের সেরা ব্যালন ডি’অরও আপনাদের।’

২০২৬ সালের ব্যালন ডি’অর পুরস্কার সামনে রেখে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন ও ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’ আয়োজন করেছিল এই বিশেষ ভোট। ‘বিওএটি’নামের এই ভোটের মাধ্যমে নির্ধারণের চেষ্টা করা হয়, ব্যালন ডি’অরজয়ীদের মধ্যে কার সেরা মৌসুমটি সর্বকালের সেরা হিসেবে বিবেচিত হবে।

ভোটে রোনালদোর ২০০৮ সালের পারফরম্যান্স পেছনে ফেলেছে লিওনেল মেসির ২০১২ সালের কীর্তিকে। এর মধ্য দিয়ে এই বিশেষ নির্বাচনে শীর্ষস্থান দখল করেন পর্তুগিজ তারকা।

২০০৮ সালের ব্যালন ডি’অরজয়ী মৌসুমটি প্রথম স্থানে থাকলেও রোনালদোর অন্য মৌসুমগুলো তুলনামূলক পিছিয়ে ছিল। ২০১৭ সালের মৌসুমটি তৃতীয়, ২০১৬ সালেরটি পঞ্চম, ২০১৪ সালেরটি ষষ্ঠ এবং ২০১৩ সালেরটি অষ্টম স্থান পেয়েছে।

অন্যদিকে, মেসির ২০১২ সালের মৌসুমটি দ্বিতীয় স্থানে থাকলেও তার অন্য ব্যালন ডি’অরজয়ী মৌসুমগুলো রয়েছে আরও পেছনে। ২০২৩ সালের মৌসুম সপ্তম, ২০১৫ সালেরটি চতুর্থ, ২০১১ সালেরটি নবম, ২০০৯ সালেরটি দশম, ২০১৯ সালেরটি একাদশ, ২০২১ সালেরটি দ্বাদশ এবং ২০১০ সালেরটি চতুর্দশ স্থানে রয়েছে।

এখানে উল্লেখযোগ্য বিষয় হলো, এই ভোটে কেবল সেই খেলোয়াড়দের মৌসুমগুলোই বিবেচনা করা হয়েছে, যারা অন্তত দুই মৌসুমে ব্যালন ডি’অর জিতেছেন।

ব্রাজিলের সাবেক তারকা রোনালদো নাজারিওর দুটি ব্যালন ডি’অরজয়ী মৌসুমও এই ভোটে স্থান পেয়েছে। ২০০২ সালে ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপ জয়ের বছরে তার ব্যালন ডি’অরজয়ী পারফরম্যান্স ১৩তম স্থানে রয়েছে। আর ১৯৯৭ সালের মৌসুমটি পেয়েছে ১৫তম স্থান।

ভোটের তালিকায় রোনালদো ও মেসির বিভিন্ন মৌসুম পালাক্রমে জায়গা করে নিয়েছে। তবে শেষ পর্যন্ত রোনালদোর ২০০৮ সালের মৌসুমই সবার ওপরে উঠে আসে।

এই ভোটের ফলাফলে অংশগ্রহণকারীদের একাধিকবার ভোট দেয়ার বিষয়টিও সামনে এসেছে। প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, মোট ৫ হাজার ৯ জন একাধিকবার ভোট দিয়েছেন। তাদের মধ্যে ৪৪ জন ১০ থেকে ২৬ বার, ৩০০ জন ৫ থেকে ৯ বার এবং ৪ হাজার ৬৬৫ জন ২ থেকে ৪ বার ভোট দিয়েছেন।