‘বাংলাদেশি অনুপ্রবেশ’ প্রসঙ্গ তুলে বিজেপির প্রশংসা করলেন হেমা মালিনী
অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Tuesday, May 12, 2026 14
বিনোদন ডেস্ক : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো ক্ষমতায় এসেছে বিজেপি। নির্বাচনের আগে দলটির শীর্ষ নেতারা বারবার ‘বাংলাদেশি অনুপ্রবেশ’ ইস্যু সামনে এনেছিলেন। এবার সেই প্রসঙ্গ টেনে বিজেপির জয়ের পেছনের রাজনৈতিক বার্তার ব্যাখ্যা দিয়েছেন বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। নরেন্দ্র মোদি ও অমিত শাহের নেতৃত্বের প্রশংসা করে হেমা বলেন, ‘বিজেপির আদর্শে মোদিজি ও অমিত শাহজির অক্লান্ত পরিশ্রমের ফলেই এই বিপুল জয় এসেছে।’
তিনি আরও বলেন, ‘এই দুই দৃঢ়প্রতিজ্ঞ নেতা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী ও জঙ্গিদের হাত থেকে সীমান্ত সুরক্ষিত রাখতে বদ্ধপরিকর ছিলেন।’
এরপরই সদ্য সাবেক শাসকদল তৃণমূলের দিকে আঙুল তুলেন অভিনেত্রী। তিনি বলেন, ‘এর আগে রাজনৈতিক স্বার্থে ভোটব্যাংক তৈরির উদ্দেশে সীমান্তকে কার্যত উন্মুক্ত করে রাখা হয়েছিল। ফলে দেশবিরোধী কার্যকলাপও বৃদ্ধি পাচ্ছিল। কিন্তু আমাদের দুই মহাতারকা নেতা এক কোপেই সেই পরিস্থিতির অবসান ঘটালেন। দীর্ঘদিনের সহিংসতা, বিদ্রোহ ও আইনশৃঙ্খলার অবনতি থেমে গিয়ে এখন বাংলায় শান্তি ও উন্নয়নের আশা ফিরেছে।’
প্রসঙ্গত, সত্তর-আশি দশকে বলিউডে তুমুল জনপ্রিয় ছিলেন অভিনেত্রী হেমা মালিনী। পরবর্তী সময়ে যোগ দেন বিজেপির রাজনীতিতে। বর্তমানে তিনি উত্তরপ্রদেশের মথুরা আসন থেকে লোকসভার সদস্য।
