বিনোদন

বিমানবন্দরে হারিয়ে গেল অস্কার, অতঃপর...

অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Sunday, May 3, 2026 8

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে অস্কার পুরস্কার ঘিরে অদ্ভুত এক ঘটনা ঘটেছে। ট্রান্সআটলান্টিক ফ্লাইটে উঠতে গিয়ে রুশ পরিচালক পাভেল তালানকিনকে নিজের হাতে থাকা অস্কারটি আলাদা করে লাগেজে পাঠাতে হয়। এরপর সেটি হারিয়ে যায়।

সেরা তথ্যচিত্র বিভাগে পুরস্কার পাওয়া ‘মিস্টার নোবডি অ্যাগেইনস্ট পুতিন’-এর সহ-পরিচালক পাভেল তালানকিন বুধবার নিউইয়র্ক থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্টে যাচ্ছিলেন।

 

বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা তাকে জানান, অস্কার সঙ্গে নেওয়া যাবে না।
এপি নিউজ এক প্রতিবেদনে বলছে, সহ-পরিচালক ডেভিড বোরেনস্টেইন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, বিমানবন্দরে নিরাপত্তা কর্মীরা বলেন অস্কার নাকি অস্ত্র হিসেবে ব্যবহার হতে পারে।

তিনি আরো জানান, পাভেলের আলাদা ব্যাগ না থাকায় নিরাপত্তা কর্মীরা পুরস্কারটি একটি বাক্সে রেখে বিমানের লাগেজ অংশে পাঠায়। কিন্তু সেটি ফ্রাঙ্কফুর্টে পৌঁছায়নি।

 

ঘটনাটি প্রকাশের পর ব্যাপক সমালোচনা শুরু হলে বিমান সংস্থা লুফথানসা শুক্রবার জানায়, অস্কারটি পাওয়া গেছে।

বিমান সংস্থাটি এক বিবৃতিতে বলে, ‘আমরা নিশ্চিত করছি যে অস্কার পুরস্কারটি এখন পাওয়া গেছে এবং এটি ফ্রাঙ্কফুর্টে আমাদের হেফাজতে নিরাপদে রয়েছে। আমরা যাত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগ করছি যাতে দ্রুততম সময়ে এটি ব্যক্তিগতভাবে ফিরিয়ে দেওয়া যায়। ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং মালিকের কাছে ক্ষমা প্রার্থনা করেছি।

 

চলতি বছরের মার্চে ‘মিস্টার নোবডি অ্যাগেইনস্ট পুতিন’ সেরা তথ্যচিত্র হিসেবে অস্কার জিতে নেয়।

সেসময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাভেল তালানকিন মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমাদের ভবিষ্যতের নামে, আমাদের সব শিশুদের নামে, এখনই সব যুদ্ধ বন্ধ করুন।’