ঈদে ভক্তদের সুখবর দিলেন পরীমণি
অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Wednesday, May 27, 2026 1
বিনোদন ডেস্ক : দীর্ঘ বিরতির পর চিত্রনায়িকা পরীমণির বড় পর্দায় ফেরা হয়েছিল সরকারি অনুদানের সিনেমা ‘ডোডোর গল্প’ দিয়ে। শুটিং শেষ হওয়ার পর অনেকদিন ধরেই সিনেমাটি নিয়ে তেমন কোনো আপডেট ছিল না। অবশেষে কোরবানির ঈদ সামনে রেখে নতুন খবর দিল প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ। ঈদের আগেই প্রকাশ পাবে সিনেমাটির নতুন গান ‘জোছনায় ভাসা শহর’।
ঈদের আগের দিন জি-সিরিজের ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত করা হবে। পরীমণি নিজেও এক ফেসবুক পোস্টে ভক্তদের বিষয়টি নিশ্চিত করেন। ‘কারো ধার ধারছিনা মনে রাখিস, কোনো ছাড় ছাড়ছিনা মনে রাখিস’ এমন কথায় সাজানো গানটি লিখেছেন স্যামুয়েল হক। এতে সুর দিয়েছেন প্রিন্স মাহমুদ। কণ্ঠ দিয়েছেন তানযীর তুহীন এবং সংগীতায়োজন করেছেন শাকের রাজা।
গানটি নিয়ে প্রিন্স মাহমুদ বলেন, প্রতি ঈদেই তিনি শ্রোতাদের জন্য নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। তার ভাষায়, এটি শুধুই বাণিজ্যিক গান নয়, বরং মন দিয়ে শোনার মতো একটি কাজ। গানটির শিল্পী তানযীর তুহীনও জানিয়েছেন, গানের আবেগ ও অনুভূতিকে গুরুত্ব দিয়েই তিনি গেয়েছেন। শ্রোতাদের ভালো লাগলেই তার পরিশ্রম সার্থক হবে বলে মনে করেন তিনি।
‘ডোডোর গল্প’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্র কাজল চৌধুরীর ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি। তার বিপরীতে ফটোগ্রাফার রায়হান চরিত্রে দেখা যাবে সাইমন সাদিককে। সিনেমাটি পরিচালনা করেছেন রেজা ঘটক। কাহিনি, চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন তিনি। এছাড়া অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, শহিদুল আলম সাচ্চু ও আহসান হাবিব নাসিমসহ আরও অনেকে।
