১৫ দিনের ব্যবধানে আবার কমলো জেট ফুয়েলের দাম
অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Sunday, June 7, 2026 4
অনলাইন ডেস্ক : উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম ১৫ দিনের ব্যবধানে আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে ব্যবহৃত জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ১৫ টাকা ৬৭ পয়সা কমিয়ে ১৫০ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়েছে।
রবিবার (৭ জুন) বিইআরসির জারি করা এক আদেশে এ মূল্য নির্ধারণ করা হয়। এর আগে গত ২৩ মে জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৩৯ টাকা ৫৭ পয়সা কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা করা হয়েছিল।
নতুন আদেশ অনুযায়ী, আন্তর্জাতিক রুটে চলাচলকারী এয়ারলাইনসগুলোর জন্য জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ১ দশমিক ০৮২৩ মার্কিন ডলার থেকে কমিয়ে ০ দশমিক ৯৮০৮ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
এর আগে কয়েক দফা মূল্যবৃদ্ধির পর গত ৭ এপ্রিল দেশীয় রুটে জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ২২৭ টাকা পর্যন্ত পৌঁছেছিল।
সে হিসাবে গত দুই মাসে জেট ফুয়েলের দাম মোট প্রায় ৫৭ টাকা কমেছে।
জ্বালানি খাতসংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম নিম্নমুখী হওয়ায় তার প্রভাব দেশীয় বাজারেও পড়েছে। ফলে ধারাবাহিকভাবে জেট ফুয়েলের মূল্য সমন্বয় করা হচ্ছে।
