বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Wednesday, June 17, 2026 14
অনলাইন ডেস্ক : বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকায় ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর দ্রব্যমূল্য বৃদ্ধির কোনো যৌক্তিক কারণ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার (১৭ জুন) রাজধানীর বাদামতলী পাইকারি চালের বাজার ও নয়াবাজার কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাজেট ঘোষণার পরও চালের পাইকারি ও খুচরা বাজার স্থিতিশীল রয়েছে। নতুন ও পুরোনো চালের দামে কিছুটা পার্থক্য থাকলেও বাজারে কোনো ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে না।
তিনি আরও জানান, দেশে চালের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পর্যাপ্ত মজুত রয়েছে। শুধু চাল নয়, অন্যান্য খাদ্যপণ্যের দামও স্থিতিশীল রয়েছে বলে দাবি করেন তিনি।
এ সময় খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, দেশে চালের মজুত ও সরবরাহে কোনো ঘাটতি নেই। সরকারের বোরো ধান সংগ্রহ কার্যক্রমও সন্তোষজনকভাবে এগোচ্ছে।
তিনি বলেন, বাস্তব পরিস্থিতি যাচাই না করে বাজার নিয়ে আতঙ্ক তৈরি করতে পারে—এমন সংবাদ প্রকাশ বা প্রচার থেকে বিরত থাকা উচিত।
