আন্তর্জাতিক

ব্রাজিলে ভারী বৃষ্টি ও ভূমিধসে নিহত ৬, হাজারো মানুষ বাস্তুচ্যুত

অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Sunday, May 3, 2026 9

অনলাইন ডেস্ক : ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে দুই দিনের টানা বৃষ্টি ও ভূমিধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এছাড়া হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। দেশটির পেরনামবুকো ও পারাইবা রাজ্যে বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

পেরনামবুকো রাজ্যে রাজধানী রেসিফে শহরে বন্যা ও ভূমিধসের ঘটনায় অন্তত দুইজনের মৃত্যু হয়েছে। পাশের শহর অলিন্দায় আরও দুইজন নিহত হয়েছেন। এ রাজ্যে প্রায় ১ হাজার ৫০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

 

অন্যদিকে পারাইবা রাজ্যের রাজধানী জোয়াও পেসোয়া এবং ক্যাম্পিনা গ্রান্দে শহরও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানেও দুইজনের মৃত্যু হয়েছে এবং প্রায় ১ হাজার ৫০০ মানুষ ঘরবাড়ি হারিয়েছেন।

জাতীয় ঝুঁকি ও দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, বৃষ্টির সময় মোট ২২টি জরুরি সতর্কতা জারি করা হয়।

 

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার থেকে বৃষ্টিপাত কিছুটা কমে এলেও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে।

এদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা জানিয়েছেন, তিনি স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।

 

একটি গবেষণায় বলা হয়েছে, ১৯৯১ থেকে ২০২৩ সালের মধ্যে ব্রাজিলে বন্যা ও ভূমিধসসহ বৃষ্টিজনিত দুর্যোগ তিন গুণ বেড়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে মিনাস জেরাইস রাজ্যে বন্যা ও ভূমিধসে ৬৪ জন এবং ২০২৪ সালে রিও গ্রান্দে দো সুল রাজ্যে ১৮৩ জনের মৃত্যু হয়। ২০২২ সালে পেত্রোপোলিস শহরে বন্যায় ২৩৩ জন এবং পরে রেসিফেতে আরও অন্তত ১৩০ জন প্রাণ হারান।

এই বিভাগের আরও খবর