বিজেপির জয়ের পরদিনই কলকাতা নিউমার্কেটে গুঁড়িয়ে দেওয়া হলো বেশকিছু দোকান!
অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Thursday, May 7, 2026 15
অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পরদিনই কলকাতার নিউমার্কেট (হগ মার্কেট) এলাকায় বুলডোজার দিয়ে দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় সেখানে একাধিক দোকানঘর গুঁড়িয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ঘটনাটি ঘিরে শহরে ব্যাপক উদ্বেগ ও উত্তেজনা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিউমার্কেট এলাকার বেশিরভাগ ব্যবসায়ী সংখ্যালঘু মুসলিম হওয়ায় বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে বুলডোজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের ঘোষণাও দেওয়া হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত সমাজকর্মীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে বুলডোজার দিয়ে দোকান ভাঙা শুরু হয়। তারা জানান, কলকাতা পৌরসভার বিপরীত পাশে একটি কাপড়ের দোকানে বুলডোজার চালানো হয় এবং মুহূর্তের মধ্যেই দোকানটি ধ্বংস হয়ে যায়।
এদিকে তৃণমূল কংগ্রেস দাবি করেছে, ওই এলাকায় তাদের একটি দলীয় কার্যালয় এবং আশপাশের দোকানও ভেঙে দেওয়া হয়েছে। তবে ঠিক কতগুলো স্থাপনা ভাঙা হয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত গণমাধ্যমে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ জানিয়েছেন, বুলডোজার নিয়ে মিছিল বা ভাঙচুরের মতো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। যারা বুলডোজার ভাড়া দেবে বা এমন কাজে সহায়তা করবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি। সূত্র: এবিপি আনন্দ
