আইটি বিশ্ব

এবার মিস্টার বিস্টের ‌‘বিস্ট গেমসে’ অংশ নেবেন বাংলাদেশের শিক্ষার্থী

অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Saturday, May 2, 2026 11

অনলাইন ডেস্ক : বিশ্বের সবচেয়ে বেশি সাবস্ক্রাইবারের মালিক জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্টের মেগা রিয়েলিটি শো ‘বিস্ট গেমস’ এ অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থী। বিস্ট গেমস সিজন ৩ পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবেন বিভিন্ন দেশের ব্যক্তিরা। বিস্ট গেমসে অংশ নেওয়ার জন্য এরই মধ্যে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের তিন জন। এদের মধ্যে একজন সুযোগ পাবেন।

 

বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন- কাজী মোবারক হোসেন, হামিম রহমান ও মানসুরা নাজনীন। বিস্ট গেমসের নিয়ম অনুযায়ী, বাংলাদেশ থেকে একজনই মূল পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। আর তাই অনলাইনে ভোটের মাধ্যমে বাংলাদেশ থেকে একজনকে নির্বাচন করা হবে। সূত্র: বিস্ট গেমস. ভোট নাউ.টিভি

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী কাজী মোবারক হোসেন জানিয়েছেন, বাংলাদেশ থেকে মোট তিনজনকে ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে। তবে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, চূড়ান্তভাবে কেবল একজনই মূল পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। আর এই নির্বাচন হবে সম্পূর্ণভাবে অনলাইন ভোটের ওপর ভিত্তি করে।

 

প্রাথমিকভাবে নির্বাচিত হামিম রহমান এরই মধ্যে ইন্টারন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে ব্রোঞ্জপদক অর্জন করেছেন। জনস হপকিনস ইউনিভার্সিটির গ্লোবাল হেলথ লিডার্স কনফারেন্স, মর্যাদাপূর্ণ নন–ট্রিভিয়াল রিসার্চ ফেলোশিপসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দেশের প্রতিনিধিত্বও করেছেন তিনি।

প্রাথমিকভাবে নির্বাচিত আরেক প্রতিযোগী রাজশাহীর মানসুরা নাজনীন কাতার বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে কাজ করছেন।

 

মার্কিন ইউটিউবার জেমস স্টিফেন জিমি ডোনাল্ডসনের ‘মি. বিস্ট’ চ্যানেলটি ইউটিউবের অন্যতম জনপ্রিয় চ্যানেল। নিয়মিত প্র্যাঙ্ক ও স্টান্ট ভিডিও প্রকাশ করায় বর্তমানে চ্যানেলটির  সাবস্ক্রাইবার ৪৭০ মিলিয়নের বেশি। আর তাই বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি ইউটিউব থেকে শত শত কোটি টাকা আয় করেছেন ‘মি. বিস্ট’ নামে পরিচিত এই তরুণ।