ইউরেনিয়াম নিয়ে দরকষাকষিতে আটকা শান্তি আলোচনা
অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Saturday, May 16, 2026 6
অনলাইন ডেস্ক : ‘সমৃদ্ধ ইউরেনিয়াম’ নিয়ে দরকষাকষিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা অচলাবস্থায় পড়েছে। এই বিষয়টি নিয়েই মূলত দুই দেশ সমাধানে আসতে পারছে না। এ ব্যাপারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি কথা বলেছেন। গতকাল শুক্রবার নয়াদিল্লিতে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নেওয়া শেষে তিনি সাংবাদিকদের বলেন, সমৃদ্ধ ইউরেনিয়াম কীভাবে পরিচালনা করা হবে, তা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ‘অচলাবস্থায়’ পড়েছে। তবে আলোচনাকে জটিল করে তোলার জন্য ওয়াশিংটনের পাঠানো তথাকথিত ‘পরস্পরবিরোধী বার্তাকে’ দায়ী করেন আরাঘচি।
ইউরেনিয়াম নিয়ে ‘দরকষাকষি হচ্ছে’– বিষয়টি মানতে নারাজ তিনি।
এদিকে আলোচনায় যুক্তরাষ্ট্রের আন্তরিকতা নিয়ে তেহরানের সন্দেহ রয়েছে উল্লেখ করে আরাঘচি জানিয়েছেন, সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তরের প্রস্তাব নিয়ে রাশিয়ার সঙ্গে কথা বলেছে ইরান।
আরাঘচি এমন সময় এসব তথ্য দিলেন, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফর শেষ করেছেন। চীন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য ট্রাম্পকে আহ্বান জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, বেইজিং বিশ্বাস করে, হরমুজ প্রণালির সমস্যার সমাধান ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতি অর্জনের মধ্যেই নিহিত।
চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়াকে ওয়াং বলেন, প্রেসিডেন্ট শি ট্রাম্পের সঙ্গে তাঁর আলোচনায় জোর দিয়ে বলেছেন, বল প্রয়োগে সমস্যার সমাধান হয় না এবং সংলাপই একমাত্র সঠিক পথ। ওয়াং মনে করেন, আলোচনা রাতারাতি সফল হবে না, কিন্তু একবার আলোচনার দরজা খুলে গেলে তা আর বন্ধ করা উচিত নয়।
পারমাণবিক কর্মসূচি ২০ বছর স্থগিত চান ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি ২০ বছরের জন্য তার পারমাণবিক কর্মসূচি স্থগিত করে, তবে তিনি (ট্রাম্প) তাতে রাজি আছেন। গতকাল চীন সফর শেষে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সাহসী প্রতিরোধ ইরানকে শক্তিশালী করেছে: খামেনি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেছেন, ইরানের সাহসী প্রতিরোধ দেশটিকে যুক্তরাষ্ট্রের মোকাবিলার জন্য আরও ভালোভাবে প্রস্তুত করেছে। জাতীয় ফারসি ভাষা সংরক্ষণ দিবস উপলক্ষে এবং কবি ফেরদৌসিকে স্মরণ করে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। খামেনি বলেন, ইরান চলমান যুদ্ধে প্রমাণ করেছে, ফেরদৌসির কিংবদন্তিতুল্য কাহিনিগুলো ইরানিদের জীবনের বাস্তবতা এবং তাদের বীরত্বপূর্ণ চরিত্রের প্রতিফলন।
ইরানকে এখনই আলোচনার টেবিলে আসতে হবে : জার্মানি
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন। ট্রাম্প সেই সময় চীন থেকে ফিরছিলেন। মের্ৎস বলেন, তারা দুজনেই একমত হয়েছেন– ইরানকে এখনই আলোচনার টেবিলে আসতে হবে এবং দেশটির হাতে পারমাণবিক অস্ত্র রাখতে দেওয়া যাবে না। ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলে দিতে হবে।
‘ইরান সর্বদা হরমুজের নিরাপত্তার রক্ষক থাকবে’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরান হরমুজ প্রণালিতে নিরাপত্তার রক্ষক হিসেবে ঐতিহাসিক দায়িত্ব সর্বদা পালন করবে। গতকাল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনার পর এক এক্স বার্তায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইরানের সব মিত্র দেশ বাণিজ্যের নিরাপত্তার জন্য তেহরানের ওপর নির্ভর করতে পারে।
সাংবাদিকের লেখাকে ‘রাষ্ট্রদ্রোহী’ বললেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট এক সাংবাদিকের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন, যিনি ইরানে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য সম্পর্কে তাঁকে একটি সমালোচনামূলক প্রশ্ন করেছিলেন। তিনি ওই সাংবাদিককে একজন ভুয়া লোক বলেও অভিহিত করে বলেন, তাঁর লেখা রাষ্ট্রদ্রোহের সমতুল্য। ট্রাম্প ওই সাংবাদিককে বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরানে একটি পূর্ণাঙ্গ সামরিক বিজয় অর্জন করেছে এবং এটি সবাই স্বীকার করে, শুধু আপনার মতো লোকেরা ছাড়া, যারা সত্য লেখে না। এর জন্য আপনার লজ্জিত হওয়া উচিত।’ চীন সফর শেষে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন।
হরমুজ প্রণালির গুরুত্ব কমবে: মার্কিন জ্বালানি সচিব
মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট বলেছেন, আমরা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মধ্য দিয়ে পাইপলাইন সক্ষমতা বৃদ্ধির প্রত্যাশা করছি। যা বিশ্বব্যাপী তেল ও গ্যাস পরিবহনের ক্ষেত্রে হরমুজ প্রণালির গুরুত্ব হ্রাস করবে।
তিনি সিএনবিসিকে বলেন, উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি বের করার জন্য অন্যান্য পথ তৈরি হবে। আমি মনে করি, হরমুজ প্রণালির গুরুত্ব কমতে দেখা যাবে, কিন্তু ওই দেশগুলোর জ্বালানি উৎপাদন ও সরবরাহের গুরুত্ব কমবে না।’ রাইট বলেন, ‘আমরা চাই যুক্তরাষ্ট্রের মিত্ররা বিশ্বের প্রধান জ্বালানি সরবরাহকারী দেশ। আমরা চাই ওই অঞ্চলে সমৃদ্ধি, শান্তি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ফিরে আসুক।’
