ই-পেপার

জামায়াতের আমির সবসময় মিথ্যা কথা বলেন: রাশেদ খাঁন

জামায়াতে ইসলামীর আমিরের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, ১৬:১৭
১৫ ভিউ
জামায়াতের আমির সবসময় মিথ্যা কথা বলেন: রাশেদ খাঁন

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

তিনি বলেছেন, জামায়াতের আমির সব সময় মিথ্যা কথা বলেন এবং দলটির নেতারা তাঁকে দরবেশ মনে করলেও তিনি একের পর এক রাজনৈতিক মিথ্যাচার করে যাচ্ছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ উপজেলার চাপরাইল আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন রাশেদ খান।

তিনি বলেন, জামায়াতের আমির একসময় জাসদ ছাত্রলীগ করতেন এবং তাঁর বিরুদ্ধে সন্ত্রাস ও মিথ্যা বলার অভিযোগ রয়েছে। জামায়াতে যোগ দেওয়ার পর তিনি মিথ্যা বলা ছেড়ে দিয়েছেন কি না, সে প্রশ্নও তোলেন রাশেদ খান।

তিনি আরও বলেন, জামায়াত ও আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে প্রস্তুত রয়েছেন।

রাশেদ খানের অভিযোগ, ১৯৮৬ ও ১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে জোট করেছিল জামায়াত। বর্তমানে দল দুটি আবারও এক হয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

তিনি বলেন, রাজশাহী সফরকালে প্রধানমন্ত্রীকে নিয়ে এক যুবক ফেসবুকে স্নাইপার দিয়ে হত্যার হুমকি দিয়েছেন। এ ঘটনার পেছনে বিরোধী দলের উসকানি রয়েছে কি না, তা খতিয়ে দেখা উচিত। বিরোধী দলের উসকানি ও বিতর্কিত অবস্থানের কারণে ওই যুবক প্রধানমন্ত্রীকে নিয়ে এমন মন্তব্য করার উৎসাহ পেয়েছেন বলেও দাবি করেন তিনি।

অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, যুগ্ম সদস্যসচিব ইলিয়াস রহমান মিঠু, কলেজের অধ্যক্ষ মশিয়ার রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।