ই-পেপার

ইরান যুদ্ধের অতিরিক্ত খরচের জন্য সেনেটের মুখোমুখি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী

চলমান ইরান যুদ্ধের ব্যয় মেটাতে শত শত কোটি ডলারের

আপডেট: ২১ জুলাই ২০২৬, ২১:২৮
১৭ ভিউ
ইরান যুদ্ধের অতিরিক্ত খরচের জন্য সেনেটের মুখোমুখি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : চলমান ইরান যুদ্ধের ব্যয় মেটাতে শত শত কোটি ডলারের অতিরিক্ত বরাদ্দের আবেদন নিয়ে মার্কিন আইনপ্রণেতাদের তীব্র প্রশ্নের মুখোমুখি হতে যাচ্ছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। যুক্তরাষ্ট্রের সেনেট অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির একটি গুরুত্বপূর্ণ শুনানিতে আজ তিনি উপস্থিত হবেন।

সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় পাঁচ মাস ধরে চলা এই সংঘাত সামাল দিতে প্রয়োজনীয় অতিরিক্ত অর্থায়নের জন্য মার্কিন কংগ্রেসের ওপর চাপ বাড়াচ্ছেন পেন্টাগন কর্মকর্তারা। যুদ্ধের কারণে মার্কিন বাহিনীর সামরিক গোলাবারুদ ও তহবিল দ্রুত ফুরিয়ে আসছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন আইনপ্রণেতারা। তবে সেনাবাহিনীর প্রকৃত সক্ষমতা ও প্রয়োজন সম্পর্কে এখনও পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন একাধিক রিপাবলিকান সদস্য।

অতিরিক্ত বাজেট বরাদ্দের এই শুনানিতে সেনেটরদের কাছ থেকে সেনাদের আহতের তথ্য দেরিতে প্রকাশের বিষয়েও প্রশ্নের মুখে পড়তে পারেন হেগসেথ। সম্প্রতি জানা গেছে, যুদ্ধে আহত মার্কিন সেনাদের তথ্য দ্রুত প্রকাশে গড়িমসি করছে পেন্টাগন। সেন্ট্রাল কমান্ড সাম্প্রতিক মাসগুলোতে অঘাতক হামলার তথ্য নিয়মিত প্রকাশ করেনি, যার কারণে সামরিক ওয়েবসাইটে তথ্যের হালনাগাদ বেশ বিলম্বিত হয়েছে।

এ বিষয়ে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল জানান, গত ৭ জুলাইয়ের পর থেকে প্রায় ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছেন। তবে তাঁদের অধিকাংশের আঘাত গুরুতর নয়, মূলত তারা হালকা মস্তিষ্কের আঘাতে (কনকাশন) ভুগছেন।

উল্লেখ্য, গত সপ্তাহান্তে ইরানি হামলায় তিন মার্কিন সেনা নিহত হয়েছেন। গত মার্চ মাসের পর ইরানি হামলায় মার্কিন সেনাদের মৃত্যুর ঘটনা এটিই প্রথম।

সেনেট অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির এই শুনানিতে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের সাথে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনও সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।