ই-পেপার

ইনফান্তিনোর পাশে আর্জেন্টিনা ও মেক্সিকো

টালমাটাল সময়ে খানিকটা স্বস্তির পরশ পেলেন

আপডেট: ০৭ আগস্ট ২০২৬, ২১:০১
৭ ভিউ
ইনফান্তিনোর পাশে আর্জেন্টিনা ও মেক্সিকো

ছবি সংগৃহীত: ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক : টালমাটাল সময়ে খানিকটা স্বস্তির পরশ পেলেন জিয়ান্নি ইনফান্তিনো। ফুটবল বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়া ফিফা সভাপতির প্রতি সমর্থন জানিয়েছেন আর্জেন্টিনা ও মেক্সিকোর ফুটবল অ্যাসোসিয়েশন। বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার আংশিক বিক্রির বিতর্কিত প্রস্তাব ঘিরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। এমন পরিস্থিতিতে তার প্রতি সমর্থন জানাল আর্জেন্টিনা ও মেক্সিকো।

সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো নিজেদের আঞ্চলিক সংস্থা কনকাকাফ-এর অবস্থানের বিপরীতে গিয়ে ইনফান্তিনোর পাশে দাঁড়িয়েছে। কনকাকাফ এর আগে তার নেতৃত্ব নিয়ে “সমগ্র মূল্যায়ন” করার আহ্বান জানিয়েছিল।

বৃহস্পতিবার কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল সর্বসম্মতভাবে ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি সমর্থন জানায়। তবে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছে, তারা বিশ্বকাপসহ ফিফার অন্যান্য প্রতিযোগিতা বয়কটের অবস্থানে অনড় রয়েছে।

এদিকে এশিয়ার ফুটবল কনফেডারেশন জানিয়েছে, তারা উয়েফা ও কনকাকাফের সঙ্গে সংহতি প্রকাশ করছে। অন্যদিকে দক্ষিণ আমেরিকার সংস্থা কনমেবল স্পষ্টভাবে জানিয়েছে, ফিফার ২১১ সদস্য দেশের ভোট ছাড়া ইনফান্তিনোকে অপসারণের কোনো উদ্যোগ তারা মেনে নেবে না।

মেক্সিকো ফুটবল ফেডারেশনও একই সুরে বলেছে, “প্রাতিষ্ঠানিক কাঠামোর বাইরে নেওয়া কোনো প্রক্রিয়াকে তারা স্বীকৃতি বা অনুমোদন দেবে না।” একইসঙ্গে তারা ইনফান্তিনোর আহ্বানের প্রতি সমর্থন জানিয়ে বলেছে, ২১১ সদস্য দেশের স্বার্থে সম্মিলিতভাবে ফুটবলের উন্নয়ন অব্যাহত রাখা প্রয়োজন।

এ সপ্তাহে রাবাতে বৈঠকের পর ফিফা জানিয়েছে, বিশ্বকাপের বাণিজ্যিক ভবিষ্যতের একটি অংশ বিক্রির প্রস্তাব ঘিরে সৃষ্ট ভুলের জন্য তারা সদস্য দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছে। পাশাপাশি এ ধরনের বিতর্কের কারণ হওয়া প্রক্রিয়াগুলো পুনর্মূল্যায়নের প্রতিশ্রুতিও দিয়েছে সংস্থাটি।

সূত্র: রয়টার্স