সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। একই সময়ে সৌদির দুটি বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ কয়েকটি তেল স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি।
সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বিমানবন্দরটিতে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে। তবে হামলায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির কথা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সংস্থাটি জানিয়েছে, দেশটির বেসামরিক বিমান চলাচল কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ধারাবাহিক হামলার অংশ হিসেবেই এই ঘটনাটি ঘটেছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ড্রোন শনাক্ত ও ধ্বংস করেছে।
এর আগে রবিবার (১১ অক্টোবর) দিনের প্রথমভাগে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অপর একটি হামলার কথা জানায় জিএসিএ। সংস্থাটি জানায়, ওই হামলায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহতদের সংখ্যা বা আঘাতের মাত্রা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
এক টেলিভিশন বার্তায় ইয়েমেনের হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেন। তিনি দাবি করেন, তাদের হামলাটি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং সেখানে বিমান চলাচল ব্যাহত হয়েছে।
ইয়াহিয়া সারি রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও সৌদি খনিজ তেল কোম্পানি আরামকোর পূর্বাঞ্চলীয় প্রদেশের শেডগাম গ্যাস প্ল্যান্ট এবং তানাজিব তেল স্থাপনায় হামলার দাবি করেন।
তিনি জানান, ইয়েমেনে সৌদি বিমান হামলার জবাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে সৌদি আরবে ভবিষ্যতে আরও হামলার হুমকি দেন তিনি।
সূত্র: আনাদোলু