বসনিয়ায় মুসলিম গণহত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : বসনিয়ায় মুসলিম গণহত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সার্ব যুদ্ধাপরাধী রাতকো ম্লাদিচ সুইজারল্যান্ডের হেগে মারা গেছেন। বসনীয় সংবাদমাধ্যম ক্লিক্স.বিএ-এর বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু।
দীর্ঘদিন ধরে গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন বসনীয় সার্ব সেনাবাহিনীর সাবেক কমান্ডার ম্লাদিচ। স্বাস্থ্যগত কারণে তাকে বেলগ্রেডে স্থানান্তরের আবেদন জানিয়েছিল তার পরিবারসহ সার্বিয়া এবং বসনিয়া ও হার্জেগোভিনার ‘রেপাবলিকা সার্পস্কা’র কর্তৃপক্ষ।
তবে গত বুধবার (২৬ আগস্ট) তার সাময়িক মুক্তির একটি আবেদন নাকচ করে দেয়া হয়।
১৯৯২-১৯৯৫ সালের বসনীয় যুদ্ধকালে সংঘটিত গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের দায়ে ২০২১ সালের জুনে জাতিসংঘের ‘ইন্টারন্যাশনাল রেসিডুয়াল মেকানিজম ফর ক্রিমিনাল ট্রাইব্যুনালস’ ম্লাদিচের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখে।
তার বিরুদ্ধে আনা ১১টি অভিযোগের মধ্যে ১০টিতেই তিনি দোষী সাব্যস্ত হন। এর মধ্যে রয়েছে- সেব্রেনিতসা গণহত্যা, সাধারণ মানুষের ওপর নিপীড়ন, গণহত্যা, হত্যা, দেশান্তর, জোরপূর্বক স্থানান্তর, সারাজেভো অবরোধের সময় বেসামরিক নাগরিকদের আতঙ্কিত করা এবং জাতিসংঘের কর্মীদের জিম্মি করার মতো অপরাধ।
১৯৯৫ সালের জুলাইয়ে সেব্রেনিতসায় ৮ হাজারের বেশি বসনীয় মুসলিম পুরুষ ও বালককে হত্যা করা হয়েছিল, যা আন্তর্জাতিক আদালতসমূহ কর্তৃক গণহত্যা হিসেবে স্বীকৃত।
‘বসনিয়ার কসাই’ হিসেবে পরিচিত পাওয়া ম্লাদিচ যুদ্ধ শেষের পর প্রায় ১৬ বছর আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে ২০১১ সালের মে মাসে উত্তর সার্বিয়ার জ্রেনিয়ানিন শহরের নিকটবর্তী লাজারেভো গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে হেগে হস্তান্তর করা হয়।