ই-পেপার

বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা বাতিল করল ফিফা

সদস্য দেশগুলোর তীব্র বিরোধিতার মুখে বিশ্বকাপসহ

আপডেট: ০১ আগস্ট ২০২৬, ০৯:৩৫
১৩ ভিউ
বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা বাতিল করল ফিফা

ছবি সংগৃহীত: ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক : সদস্য দেশগুলোর তীব্র বিরোধিতার মুখে বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন ইভেন্ট পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়িক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগ নেয়ার পরিকল্পনা বাতিল করেছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

শুক্রবার (৩১ জুলাই) ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, ব্যাপক মতবিরোধ ও বিভাজন তৈরি হওয়ায় প্রস্তাবিত প্রকল্পটি আর এগিয়ে নেয়া হবে না।

ফিফার পরিকল্পনা ছিল, বিশ্বকাপসহ সংস্থাটির বিভিন্ন আয়োজন পরিচালনার জন্য ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামে একটি নতুন ইউনিট গঠন করা। প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যায়নের এই ইউনিটের প্রায় ২০ শতাংশ অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে সর্বোচ্চ ৪ দশমিক ২ বিলিয়ন ডলার সংগ্রহের পরিকল্পনা ছিল।

তবে প্রস্তাবটি প্রকাশের পরপরই ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাসহ ফিফার একাধিক সদস্য সংগঠন এর বিরোধিতা করে। উয়েফা এমনকি প্রস্তাব প্রত্যাহার না করা হলে ফিফার টুর্নামেন্ট বর্জনের হুমকিও দেয়।

ফিফা সভাপতি ইনফান্তিনো বলেন, সংশ্লিষ্ট সবার মতামত শোনার পর তারা বুঝতে পেরেছেন, প্রকল্পটি এমন বিভাজন তৈরি করেছে যা প্রস্তাবটির মূল উদ্দেশ্য—ফুটবলকে ঐক্যবদ্ধ করা ও উন্নয়ন করা—এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই প্রস্তাবটি আর এগিয়ে নেয়া হবে না।

প্রস্তাবের বিরুদ্ধে বৃহস্পতিবার উয়েফার ৫৫ সদস্য দেশের প্রতিনিধিরা সর্বসম্মতভাবে অবস্থান নেন। একই দিনে উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থাগুলোর জোট কনকাকাফও পরিকল্পনাটি প্রত্যাখ্যান করে। শুক্রবার এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) উয়েফা ও কনকাকাফের অবস্থানের প্রতি সংহতি প্রকাশ করে।

এই তিন কনফেডারেশনের সদস্য সংখ্যা মিলিয়ে ১৪৩টি জাতীয় ফুটবল সংস্থা রয়েছে। ফিফার মোট সদস্য ২১১টি। ফলে পরিকল্পনাটি বাস্তবায়নে প্রয়োজনীয় সমর্থন পাওয়া কঠিন হয়ে পড়ে।

এদিকে পরিকল্পনাটি নিয়ে ফিফার অভ্যন্তরেও মতবিরোধ দেখা দেয়। শুক্রবার ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্ডেইরো পদত্যাগ করেন। তিনি প্রস্তাবটিকে ‘ফুটবলের জন্য একটি খারাপ চুক্তি’ বলে মন্তব্য করেন।

ফিফা জানিয়েছিল, বাণিজ্যিক কার্যক্রমের সংখ্যালঘু অংশীদারিত্ব বিক্রির মাধ্যমে পাওয়া অর্থ বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে ব্যয় করা হবে। প্রস্তাবিত বিনিয়োগকারী গোষ্ঠীর নেতৃত্ব দেওয়ার কথা ছিল জোশুয়া কুশনার প্রতিষ্ঠিত থ্রাইভ ক্যাপিটালের একটি তহবিল ‘থ্রাইভ ইটার্নাল’-এর।

জোশুয়া কুশনার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই। ২০২৬ বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিফার ঘনিষ্ঠ সম্পর্কের প্রেক্ষাপটেও এ বিনিয়োগ পরিকল্পনা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল।

তবে শেষ পর্যন্ত সদস্য সংগঠনগুলোর বিরোধিতার কারণে পরিকল্পনাটি থেকে সরে এল ফিফা। আগামী বছর পুনর্নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া ইনফান্তিনোর নেতৃত্ব নিয়েও এরই মধ্যে প্রশ্ন উঠেছে। সূত্র: রয়টার্স।