ই-পেপার

বাংলাদেশ ভ্রমণ নিয়ে ‘উচ্চমাত্রার’ সতর্কতা বহাল রাখল কানাডা

বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ভ্রমণ সতর্কতা

আপডেট: ১২ আগস্ট ২০২৬, ২০:০১
১৩৫ ভিউ
বাংলাদেশ ভ্রমণ নিয়ে ‘উচ্চমাত্রার’ সতর্কতা বহাল রাখল কানাডা

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে কানাডা। নতুন নির্দেশনাতেও বাংলাদেশকে ‘উচ্চমাত্রার সতর্কতা অবলম্বন’- এর তালিকায় রেখেছে দেশটি।

তবে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের জন্য জারি করা হয়েছে আরো কঠোর সতর্কতা—এলাকাটিতে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে।

১০ আগস্ট (সোমবার) কানাডা সরকারের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত হালনাগাদকৃত তথ্যে বলা হয়, বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা, আদালতকেন্দ্রিক কার্যক্রম এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে আকস্মিকভাবে বিক্ষোভ ও সংঘাত ছড়িয়ে পড়তে পারে। এর ফলে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়া, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া এবং সহিংসতার মতো পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে। এ অবস্থায় বাংলাদেশে থাকা কানাডীয় নাগরিকদের জনসমাগম ও বিক্ষোভস্থল থেকে দূরে থাকার এবং স্থানীয় প্রশাসনের দেওয়া নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দিয়েছে দেশটির সরকার।

চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের বিষয়ে সতর্কতার মাত্রা আরো বাড়িয়েছে কানাডা। সেখানে রাজনৈতিক সহিংসতা, সংঘর্ষ ও অপহরণের ঝুঁকি রয়েছে উল্লেখ করে অঞ্চলটিতে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে গত বছরের সেপ্টেম্বর ও ডিসেম্বরে বাংলাদেশ নিয়ে ভ্রমণ সতর্কতা জারি করেছিল কানাডা। সর্বশেষ হালনাগাদেও আগের সতর্ক অবস্থানই বহাল রেখেছে দেশটি।