ই-পেপার

ভুলবশত আবর্জনায় ফেলে দেয়া ১৪ কোটি টাকার লটারি টিকিট যেভাবে ফিরে পেলেন নারী

ইতালিতে লটারির টিকিট ভুলবশত আবর্জনায় ফেলে দিয়েও

আপডেট: ০৬ আগস্ট ২০২৬, ১৯:৪৮
৩২ ভিউ
ভুলবশত আবর্জনায় ফেলে দেয়া ১৪ কোটি টাকার লটারি টিকিট যেভাবে ফিরে পেলেন নারী

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ইতালিতে লটারির টিকিট ভুলবশত আবর্জনায় ফেলে দিয়েও ভাগ্যের এক অলৌকিক জোরে তা ফেরত পেয়েছেন এক নারী। ১ মিলিয়ন ইউরো (প্রায় ১৪ কোটি টাকা) সমমূল্যের বিজয়ী টিকিটটি ফেলে দেয়ার দু’দিন পর তা উদ্ধার করেছেন বর্জ্য ব্যবস্থাপনা কর্মীরা। খবর এনডিটিভির।

বাড়ি ফেরার পর পরিবারের এক সদস্যের মাধ্যম ওই নারী জানতে পারেন, তার নিয়মিত ব্যবহৃত ‘২, ৪, ৮, ১০ এবং ৫১’ নম্বরগুলোতেই লটারির জ্যাকপট উঠেছে। প্রিয় এক স্মৃতির স্মরণে ওই নারী প্রতিবারই একই নম্বর বেছে নিয়ে লটারি খেলতেন।

বিষয়টি জানার পর সদ্য বিজয়ী এই নারী দৌড়ে দোকানে ফিরে যান। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তার বর্জ্যভর্তি ব্যাগটি আগেই পরিচ্ছন্নতাকর্মীরা অপসারণ করেছিল।

মরিয়া হয়ে টিকিটের খোঁজে ওই নারী ও তার পরিবার স্থানীয় বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এসএএনবি’র প্রশাসক রবার্তো নিকোলা তোস্কানোর সঙ্গে যোগাযোগ করেন। তোস্কানো বলেন, ‘টিকিটটি ইতোমধ্যে একটি বর্জ্যবাহী ট্রাকে চলে যাওয়ায় আমরা খুব একটা আশা ছাড়াই এটি খুঁজতে শুরু করি।’

ভাগ্যক্রমে, তোস্কানো ও তার দল নির্দিষ্ট গাড়িটি শনাক্ত ও সেটি থামাতে সক্ষম হন। তবে বর্জ্যের মধ্যে বিপজ্জনক পদার্থ থাকার আশঙ্কায় বিশেষ সুবিধাসম্পন্ন একটি কেন্দ্রে ট্রাকটি নিয়ে যাওয়া হয়। সেখানে পরিচ্ছন্নতাকর্মীরা একদিনেরও বেশি সময় ধরে বর্জ্য ঘেঁটে বহু পুরোনো টিকিট ও রসিদের মধ্য থেকে অবশেষে কাঙ্ক্ষিত টিকিটটি উদ্ধার করেন।

তোস্কানো আনন্দ প্রকাশ করে বলেন, ‘অসংখ্য রসিদের ভিড়ে আমরা যা খুঁজছিলাম তা পাওয়া যায়। টিকিটটি অলৌকিকভাবে একদম অক্ষত ছিল।’

উদ্ধারের খবর জানিয়ে তোস্কানো যখন ওই নারীকে ফোন করেন, তখন তিনি ‘আবেগে কেঁদে ফেলেন’। তোস্কানো বলেন, ‘আমি তাকে জড়িয়ে ধরতে চেয়েছিলাম, কিন্তু আমরা তখন ফোনে কথা বলছিলাম।’

অবশ্য এই স্বস্তির খবরের পেছনে একটি ছোট শর্ত ছিল। এসএএনবি একটি সরকারি সংস্থা হওয়ায় ওই নারীকে অনুসন্ধান কার্যক্রমের অতিরিক্ত সমস্ত খরচ বহনের চুক্তিতে সই করতে হয়েছিল। তবে দিনশেষে তার এই ঝুঁকি নেয়াটা পুরোপুরি সার্থক হয়েছে।