মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই পারস্য উপসাগরীয়
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই পারস্য উপসাগরীয় অঞ্চলে এক নজিরবিহীন পরিস্থিতির খবর সামনে এসেছে। আমেরিকান সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক চাঞ্চল্যকর প্রতিবেদনের বরাত দিয়ে ডিফেন্স সিকিউরিটি এশিয়া জানিয়েছে, প্রথমবারের মতো ইরানি ভূখণ্ডের ভেতরে সরাসরি যুদ্ধবিমান পাঠিয়ে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত।
প্রতিবেদনে দাবি করা হয়, বাহরাইন ও কুয়েতের এই যৌথ অভিযানে গোয়েন্দা তথ্য সরবরাহ এবং আকাশে প্রতিরক্ষামূলক বিমান হামলা (Air Cover) প্রদানের মাধ্যমে সরাসরি সহায়তা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এই যৌথ অভিযানের মূল লক্ষ্য ছিল ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারগুলো, যা থেকে এতদিন উপসাগরীয় দেশগুলো এবং সেখানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানো হচ্ছিল।
তবে এই দাবির পর তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কূটনৈতিক মহলে। ওয়াশিংটনে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত শেখা আল-জাইন আল-সবাহ প্রতিবেদনটি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন। তিনি স্পষ্ট করে জানান, কুয়েত ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে অংশ নেয়নি এবং প্রতিবেশীদের বিরুদ্ধে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি। বাহরাইনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
বিশ্লেষকদের মতে, উপসাগরীয় ছোট দেশগুলো নিজেদের সুরক্ষিত রাখতে এবং ইরানি আক্রমণ প্রতিহত করতে কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থা থেকে বের হয়ে এখন পাল্টা আক্রমণের পথে হাঁটছে।