ই-পেপার

যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যা, নিখোঁজ ১৫

যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের দুর্গম

আপডেট: ৩১ আগস্ট ২০২৬, ০৮:৪১
৬ ভিউ
যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যা, নিখোঁজ ১৫

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের দুর্গম অঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় রবিবার (৩০ আগস্ট) বিকেলে পার্ক কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

ন্যাশনাল পার্ক সার্ভিস জানিয়েছে, অ্যারিজোনার ব্রাইট অ্যাঞ্জেল ক্রিক এলাকায় যারা হাইকিং বা ব্যাকপ্যাকিং করছিলেন, তাদের সম্পর্কে তথ্য চাওয়া হচ্ছে। পাশাপাশি ফ্যান্টম র‍্যাঞ্চ বা ব্রাইট অ্যাঞ্জেল ক্যাম্পগ্রাউন্ডে থাকার পরিকল্পনা করা ক্যাম্পারদের খোঁজও নেওয়া হচ্ছে।

এ ছাড়া নর্থ কাইবাব ট্রেইল এলাকায় আটকে পড়া পর্যটকদের অনুসন্ধানে কাজ করছেন কর্মকর্তারা।

এর আগে রবিবার সকালের দিকে নিখোঁজের সংখ্যা অন্তত ২০ জন বলে জানানো হয়েছিল। সকাল পর্যন্ত ফ্যান্টম র‍্যাঞ্চ ও লোয়ার নর্থ কাইবাব ট্রেইল এলাকা থেকে ৬২ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। ফ্যান্টম র‍্যাঞ্চ ও কটনউড ক্যাম্পগ্রাউন্ড থেকে আরও লোকজনকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রাইট এঞ্জেল ক্রিক সংলগ্ন পদচারী সেতুগুলো ধসে পড়েছে। ফলে খালের ওপর দিয়ে হাইকারদের চলাচলের পথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পাশাপাশি ক্ষয়ক্ষতি পর্যালোচনার সময় কলোরাডো নদীর নির্দিষ্ট কিছু ব্রিজ বন্ধ রাখা হয়েছে।

ন্যাশনাল পার্ক সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, ‘আকস্মিক এই বন্যার ফলে ব্রাইট এঞ্জেল ক্যানিয়ন অঞ্চলের অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের কর্মীরা ট্রেইল, সেতু, ইউটিলিটি পরিষেবা, স্থাপনা এবং অন্যান্য অবকাঠামোর ক্ষয়ক্ষতি পর্যালোচনা করছেন।

এদিকে পানিতে ভেসে আসা ধ্বংসাবশেষের কারণে কলোরাডো নদীতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

সূত্র: এনবিসি নিউজ