ই-পেপার

যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব!

বাংলাদেশে প্রবাসী আয় প্রবাহে বড় উল্লম্ফন

আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬
১৪ ভিউ
যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব!

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বাংলাদেশে প্রবাসী আয় প্রবাহে বড় উল্লম্ফন হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরে বিভিন্ন দেশ থেকে মোট ৩৫.৫৯ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের তুলনায় ৫.২৬ বিলিয়ন ডলার বেশি। ২০২৪-২০২৫ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছিলো ৩০.৩৩ বিলিয়ন ডলার।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫-২০২৬ অর্থবছরে একক দেশ হিসেবে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে—৫ হাজার ৮৪৮ দশমিক ৮৭ মিলিয়ন ডলার। আগের অর্থবছরে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র এবার নেমে গেছে পঞ্চম অবস্থানে।

সৌদি আরবের পর দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে যুক্তরাজ্য থেকে। দেশটি থেকে ২০২৪-২০২৫ অর্থবছরে ৩.১৭ বিলিয়ন ডলার এলেও পরের অর্থবছরে তা বেড়ে ৫.৭২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ এক বছরে যুক্তরাজ্যের রেমিট্যান্স বেড়েছে প্রায় ৬০ শতাংশ।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে রেমিট্যান্স ৪.১৭ বিলিয়ন থেকে বেড়ে ৪.৫৮৪ বিলিয়ন ডলার, মালয়েশিয়া থেকে ২.৮০৪ বিলিয়ন থেকে ৩.৪০ বিলিয়ন, ওমান থেকে ১.৬৬ বিলিয়ন থেকে ২.৪৮ বিলিয়ন এবং ইতালি থেকে ১.৬৫ বিলিয়ন থেকে ২.৫১ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

কুয়েত, কাতার, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, গ্রিস, জর্ডান ও অস্ট্রেলিয়া থেকেও রেমিট্যান্স বেড়েছে। তবে যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে প্রবাসী আয় কমেছে। যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স ৪.৭৩ বিলিয়ন থেকে কমে প্রায় ৩.৩৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। কানাডা থেকে ২২১ মিলিয়ন থেকে কমে হয়েছে ১১০ মিলিয়ন ডলার।

সব মিলিয়ে অধিকাংশ উৎসদেশ থেকে রেমিট্যান্স বাড়লেও কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ থেকে উল্লেখযোগ্য হারে কমেছে।