ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, তেহরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, তেহরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না। ওয়াশিংটন সমঝোতা থেকে সরে দাঁড়ালে আত্মরক্ষার জন্য ইরান সর্বদা প্রস্তুত রয়েছে। শনিবার (১১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গালিবাফ বলেন, ‘আমরা আমাদের দেশকে রক্ষা করার প্রস্তুতি কখনোই বন্ধ করিনি। আমেরিকানরা যেকোনো মুহূর্তে সমঝোতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে আমরা পূর্ণাঙ্গ প্রতিরক্ষার জন্য প্রস্তুত রয়েছি।’
তিনি বলেন, ‘যুদ্ধের অবসান ঘটানো বিশ্বের দেশগুলোর জন্য একটি অগ্রাধিকার। কিন্তু সবার জানা উচিত, ইরানের আত্মসমর্পণের মাধ্যমে এই সংঘাতের কখনো অবসান হবে না।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টের পর গালিবাফ এ হুঁশিয়ারি দেন। ওই পোস্টে ট্রাম্প দাবি করেন, তেহরান ও ওয়াশিংটন আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। তবে যুদ্ধবিরতি ‘শেষ’ হয়ে গেছে।
এদিকে ইরানের জাতীয় অবকাঠামোর ওপর যেকোনো ধরনের হামলা চালানো হলে ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা ও কঠোর আঘাত হানা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধান মোহাম্মদ বাকের জোলঘাদর। শুক্রবার (১০ জুলাই) তিনি এ হুঁশিয়ারি দেন।
তেহরান থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে মোহাম্মদ বাকের জোলঘাদর বলেন, ‘আমাদের অবকাঠামোর ওপর যেকোনো হামলার প্রতিশোধ নেওয়া হবে। এসব অপরাধের জন্য দায়ী জায়নবাদী শাসনব্যবস্থা আমাদের যোদ্ধাদের পাল্টা হামলা থেকে কোনোভাবেই নিরাপদ থাকবে না।’
সূত্র: আল জাজিরা