ই-পেপার

উল্টো পথে গাড়ি, মুহূর্তেই ভয়াবহ সংঘর্ষ; ২ পুলিশসহ নিহত ৭

যুক্তরাজ্যের উত্তর-পূর্বাঞ্চলে ধাওয়া করার সময় ভুল

আপডেট: ২৩ আগস্ট ২০২৬, ০৯:৪০
৫০ ভিউ
উল্টো পথে গাড়ি, মুহূর্তেই ভয়াবহ সংঘর্ষ; ২ পুলিশসহ নিহত ৭

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের উত্তর-পূর্বাঞ্চলে ধাওয়া করার সময় ভুল পথে চলা একটি গাড়ির সঙ্গে পুলিশের গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত হয়েছেন। শনিবার ভোরে মিশলসব্রো এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ।

ক্লিভল্যান্ড পুলিশের তথ্য অনুযায়ী, ভোর ৩টা ৩৯ মিনিটের দিকে (বাংলাদেশ সময় সকাল ৯টা ৩৯ মিনিট) একটি ভক্সওয়াগন পাসাট গাড়ি সড়কের ভুল পাশে চলছিল। গাড়িটিতে পাঁচজন সাধারণ যাত্রী ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে সঠিক পথে আসা পুলিশের একটি চিহ্নিত গাড়ির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় দুই গাড়িতে থাকা মোট সাতজনই ঘটনাস্থলে মারা যান। নিহতদের মধ্যে পুলিশের দুই কনস্টেবলও রয়েছেন। তারা হলেন ৩৭ বছর বয়সী ম্যাথিউ ব্লেডস এবং ৩৮ বছর বয়সী টম ক্লাফ। ক্লিভল্যান্ড পুলিশের প্রধান কনস্টেবল ভিক্টোরিয়া ফুলার তাদের ‘সাহসী কর্মকর্তা’ হিসেবে উল্লেখ করে বলেন, দায়িত্ব শেষে তারা আর পরিবারের কাছে ফিরতে পারেননি।

পুলিশ জানিয়েছে, কর্মকর্তারা একটি ‘সন্দেহজনক গাড়ি’ দেখতে পেয়ে সেটিকে অনুসরণ করা শুরু করেছিলেন। ঠিক কী পরিস্থিতিতে ধাওয়া শুরু হয়েছিল এবং কীভাবে সংঘর্ষের ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ভিক্টোরিয়া ফুলার বলেন, ‘ক্লিভল্যান্ডের জন্য এটি অত্যন্ত দুঃখের একটি দিন।’ ভক্সওয়াগন গাড়িতে থাকা পাঁচজনের পরিচয় আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা হয়েছে এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তদন্ত শেষ হওয়ার আগে কোনো ধরনের অনুমান না করার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে, গত এক সপ্তাহেরও কম সময়ে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে সড়কের ভুল পাশে গাড়ি চালানোর ঘটনায় পৃথক কয়েকটি দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এর মধ্যে আয়ারল্যান্ডের ডাবলিনেও একই ধরনের একটি দুর্ঘটনা ঘটেছে।

ডাবলিনের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক ‘ভুল পাশে গাড়ি চালানোর’ একটি বিপজ্জনক প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন বলেন, সড়কে এমন বেপরোয়া আচরণ কোনোভাবেই সহ্য করা যায় না এবং এটি বন্ধ করতে হবে।

আইরিশ পুলিশের প্রধান জাস্টিন কেলিও সতর্ক করে বলেছেন, কিছু ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও তৈরির উদ্দেশ্যেই এ ধরনের বিপজ্জনক আচরণ করা হচ্ছে।

এ ঘটনায় আয়ারল্যান্ডের একটি সংসদীয় কমিটি স্বল্পদৈর্ঘ্যের ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের কাছে জানতে চেয়েছে, সড়কে বিপজ্জনক ও অবৈধ আচরণকে উৎসাহিত করে এমন কনটেন্ট কীভাবে সরানো হয়। দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থাও একই বিষয়ে টিকটকের কাছে ব্যাখ্যা চেয়েছে।

সূত্র: আলজাজিরা