বিএনপি এমপির বক্তব্য ‘ঘৃণাভরে’ প্রত্যাখ্যান করলেন ছাত্রদল সভাপতি
অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Thursday, July 2, 2026 3
অনলাইন ডেস্ক : জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে সংরক্ষিত নারী আসনের বিএনপিদলীয় সংসদ সংসদ (এমপি) নিলোফার চৌধুরী মনির বক্তব্য ‘ঘৃণাভরে’ প্রত্যাখ্যান করার কথা জানালেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আজ বৃহস্পতিবার নিজের অফিসিয়াল ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এ প্রতিবাদ জানান তিনি।
পোস্টে ছাত্রদল সভাপতি লেখেন, ‘প্রিয় নিলোফার চৌধুরী মনি আপা, এমপি আপনি দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সংগ্রামের সারথি ছিলেন। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনার অনবদ্য ভূমিকা রয়েছে। কিন্তু গতকাল টকশোতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে আপনার অযাচিত বক্তব্যে আমরা অত্যন্ত মর্মাহত এবং ক্ষুব্ধ। আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখান করলাম।’
রাকিবুল ইসলাম রাকিব আরও লেখেন, ‘আমরা অবগত রয়েছি,আপনি জুলাই এর চেতনা ধারণকারী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। সেহেতু জুলাই আগষ্টের গণঅভ্যুত্থান নিয়ে বক্তব্যে আপনি আরও বেশি সংযত ও শ্রদ্ধা প্রদর্শন করবেন, সেই প্রত্যাশা করি।’
প্রসঙ্গত, গতকাল বুধবার একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে নিলোফার চৌধুরী মনি বলেন, ‘জুলাই আন্দোলনে স্নাইপার চালিয়েছিলেন কারা? অনেক কিছুই আমি বলতে চেয়েও বলতে পারি না। কারণ, অনেক কিছু বললে অনেকের কাপড়-চোপড় ঠিক থাকবে না। যারা আজ কথা বলে, তারা কখন কোথায় কীভাবে সেনাবাহিনীর সঙ্গে দেখা করে এই কাজগুলো করেছিল, তাদের কতটা ভূমিকা ছিল?’
আন্দোলনের নেতৃত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, ‘যাদের বলা হয় যে তারাই (আন্দোলনের) মেইন, এই আন্দোলনে কারা মেইন ছিল, কেউ জানে না। আন্দোলনে অংশ নেওয়াদের একজন আরেকজনকে চেনে নাই। পাশে হাঁটতে গেছে, আন্দোলন করতে গেছে; পাশের একজন পড়ে গেছে। মনে করছে যে নরমাল পড়েছে। আসলে সে মারা গিয়েছে। গুলিটা সামনে থেকে আসছে না পেছন থেকে আসছে, সেটাও জানে না। গুলির কোনো শব্দ হয় নাই, এটা স্নাইপারের গুলি ছিল।’
সঞ্চালক যখন প্রশ্ন করেন, ‘তার মানে এটা কি কোনো ডিজাইন ছিল বা ষড়যন্ত্র?’ জবাবে নিলোফার চৌধুরী মনি বলেন, ‘ডিজাইন তো অবশ্যই ছিল, ষড়যন্ত্র কি না আমি বলতে পারব না।’
তিনি আরও বলেন, ‘কারা মারল, কেউ জানে না। সামনে কোনো পুলিশও ছিল না। পুলিশের গুলি হলে তো সামনেই হতো। হতে পারে কোনো বাসা থেকে টার্গেট করে, ওপরতলা থেকে টার্গেট করে হয়তো গুলি করা হয়েছে। আমার নিজের কাছে অনেক প্রশ্নের উত্তর নাই।’
