পিএসজি পরীক্ষার আগে তলানির দলের কাছে হারতে বসেছিল বায়ার্ন
অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Saturday, May 2, 2026 11
স্পোর্টস ডেস্ক : আগামী সপ্তাহে অ্যালিয়েঞ্জ এরেনাতে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে কঠিন পরীক্ষা বায়ার্ন মিউনিখের। সেই ম্যাচের আগে আজ (শনিবার) টেবিলের তলানিতে থাকা হেইডেনহেইমের কাছে হোঁচট খেল চার ম্যাচ হাতে রেখে বুন্দেসলিগা ট্রফি জয়ী দল।
এই মৌসুমে ৩৫তম বুন্দেসলিগা শিরোপা নিশ্চিত করা বায়ার্ন হারতেই বসেছিল। ইনজুরি টাইমের শেষ মুহূর্তের গোলে ৩-৩ ব্যবধানে ড্র করেছে তারা। অল্পের জন্য জার্মান জায়ান্টদের হারিয়ে ইতিহাস গড়তে পারেনি সবার শেষ দল হেইডেনহেইম।
আধঘণ্টার মধ্যে দুইবার বায়ার্নের জাল কাঁপায় হেইডেনহেইম। গোলকিপার মানুয়েল ন্যয়ার ও তারকা ফরোয়ার্ড হ্যারি কেইনের মতো নিয়মিত খেলোয়াড়কে ছাড়া মাঠে নামার খেসারত দিতে হয় তাদের। ২২ মিনিটে বুদু জিভজিভাজের ভলিতে ১-০ করে সফরকারীরা। ৯ মিনিট পর এরেন ডিঙ্কি ব্যবধান দ্বিগুণ করেন।
বিরতির এক মিনিট আগে লিওন গোরেৎকা ফ্রি কিক থেকে ব্যবধান কমান। দ্বিতীয়ার্ধে চার পরিবর্তনের পর ভিনসেন্ত কোম্পানির দল স্বস্তির নিশ্বাস ফেলে। গোরেৎকার ৫৭ মিনিটে স্কোরে সমতা ফেরান।
৭৬তম মিনিটে বুদুর চমৎকার স্ট্রাইকে ফের লিড নেয় হেইডেনহেইম। অবিস্মরণীয় জয় থেকে কয়েক সেকেন্ড দূরে ছিল তারা। কিন্তু অলিসের শট গোলপোস্টে আঘাত করে প্রতিপক্ষ খেলোয়াড় দিয়ান্ত রামাজের গায়ে লেগে জালে জড়ায়। তাতে তলানির দলের কাছে হারের লজ্জা এড়ায় মিউনিখ ক্লাব।
গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের ঐতিহাসিক সেমিফাইনালে ৫-৪ গোলের থ্রিলারে হেরে যায় বায়ার্ন। পিএসজির বিপক্ষে নিজেদের আত্মবিশ্বাস বাড়ানোর উপলক্ষ হিসেবে হেইডেনহেইমের মুখোমুখি হয়েছিল তারা। কিন্তু ম্যাচ শেষে স্কোর নিশ্চিতভাবে তাদের মনোবলে বড় ধাক্কা দিলো।
