আন্তর্জাতিক

ইরানের ‘সংযম’ শেষ, মার্কিনিদের অবকাঠামোতে হবে শক্তিশালী হামলা

অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Sunday, May 10, 2026 10

অনলাইন ডেস্ক : ইরানের পার্লামেন্টের বৈদেশিক নীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই বলেছেন, ইরান যে সংযম এতদিন প্রদর্শন করেছে। এটি আজকে থেকে শেষ। যুক্তরাষ্ট্র যদি তাদের ট্যাংকার জাহাজ লক্ষ্য করে হামলা চালায় তাহলে এখন থেকে মার্কিনিদের অবকাঠামো লক্ষ্য করে শক্তিশালী হামলা চালানো হবে।

 

রোববার (১০ মে) মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি লিখেছেন, “আমাদের জাহাজের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের জবাব দেওয়া হবে যুক্তরাষ্ট্রের জাহাজ ও ঘাঁটিতে শক্তিশালী এবং কঠোর হামলার মাধ্যমে।”

“যুক্তরাষ্ট্রের স্বার্থের (স্থাপনা) সময় ফুরিয়ে আসছে। ভালো হবে যদি তারা বোকার মতো আচরণ না করে এবং যে চোরাবালিতে আটকা পড়েছে সেটিতে যেন আরও দেবে না যায়। সবচেয়ে ভালো উপায় হলো আত্মসমর্পণ এবং পরাজয় স্বীকার করে নেওয়া। আপনাদের অবশ্যই নতুন আঞ্চলিক বাস্তবতার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে হবে।”

 

এরআগে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র আক্রামি নিয়া হুঁশিয়ারি দেন, যেসব দেশ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অবরোধের সঙ্গে যোগ দেবে তাদের জাহাজ হরমুজে প্রবেশ করতে দেওয়া হবে না।

গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালায়। এরপর ওইদিনই হরমুজ বন্ধ করে দেয় তেহরান। হামলার পর ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা ৪০ দিন যুদ্ধ হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি হয়। যা এখনো অব্যাহত আছে।

 

সূত্র: আলজাজিরা

এই বিভাগের আরও খবর