ই-পেপার

ইরান-সংশ্লিষ্ট হ্যাকারদের হামলায় ৪ দিন বন্ধ ব্রিটিশ বিদ্যুৎকেন্দ্র

ইরান-সংশ্লিষ্ট হ্যাকারদের সাইবার হামলায় যুক্তরাজ্যের

আপডেট: ২৩ আগস্ট ২০২৬, ২০:৫৩
২৫ ভিউ
ইরান-সংশ্লিষ্ট হ্যাকারদের হামলায় ৪ দিন বন্ধ ব্রিটিশ বিদ্যুৎকেন্দ্র

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ইরান-সংশ্লিষ্ট হ্যাকারদের সাইবার হামলায় যুক্তরাজ্যের একটি ছোট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চার দিন বন্ধ ছিল বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ। এটি যুক্তরাজ্যে ইরান-সংশ্লিষ্ট কোনো হ্যাকার গোষ্ঠীর বিদ্যুৎ উৎপাদন স্থাপনা অচল করে দেওয়ার প্রথম জানা ঘটনা বলে ধারণা করা হচ্ছে। রোববার (২৩ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, হামলাটি গত জুলাইয়ে চালানো হয়। সাইবার হামলার পর সংশ্লিষ্ট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। কর্মীরা প্রায় চার দিন ধরে কাজ করে সেটির কার্যক্রম পুনরায় চালু করেন। নিরাপত্তার কারণে ব্রিটিশ কর্তৃপক্ষ স্থাপনাটির নাম ও অবস্থান প্রকাশ করেনি।

ব্রিটিশ সরকারের ভাষ্য, আক্রান্ত স্থাপনাটি ছোট আকারের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং এটি জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামোর অংশ নয়। ফলে হামলার কারণে দেশটির সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ বা জাতীয় গ্রিডে কোনো ঝুঁকি তৈরি হয়নি। ব্রিটিশ জ্বালানি মন্ত্রণালয়ও জানিয়েছে, জাতীয় জ্বালানি ব্যবস্থায় কোনো পর্যায়ে হুমকি তৈরি হয়নি।

হামলার পর ব্রিটিশ সরকার বিদ্যুৎ উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের বিষয়টি সম্পর্কে অবহিত করে এবং সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় সতর্কতা জারি করে। ঘটনাটি দেশটির ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারেও জানানো হয়েছে। তবে সংস্থাটি নির্দিষ্ট এই হামলা নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত মন্তব্য করেনি।

দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাটি এমন সময়ে ঘটে যখন যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্যের পানি ও বর্জ্যপানি অবকাঠামোতেও ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলার একাধিক ঘটনা ঘটেছিল। এই ঘটনাগুলো দুই দেশের গোয়েন্দা ও সাইবার নিরাপত্তা মহলে উদ্বেগ তৈরি করেছে।

নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, ব্রিটিশ বিদ্যুৎকেন্দ্রে হামলাটি ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি করার উদ্দেশ্যে না-ও হতে পারে। বরং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকারদের সক্ষমতা প্রদর্শন বা গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তাব্যবস্থা পরীক্ষা করাই এর অন্যতম উদ্দেশ্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ব্রিটিশ সরকার এখনো আনুষ্ঠানিকভাবে হামলার জন্য ইরানকে দায়ী করেনি।

ব্রিটিশ সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছে যে রাষ্ট্র-সমর্থিত হ্যাকাররা বিদ্যুৎ, পানি, স্বাস্থ্যসেবা ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের ডিজিটাল অবকাঠামোকে লক্ষ্যবস্তু করতে পারে। চলমান আন্তর্জাতিক উত্তেজনার মধ্যে এ ধরনের হামলার ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

তবে সরকারের ভাষ্য অনুযায়ী, আক্রান্ত স্থাপনাটি ছোট হওয়ায় এর চার দিনের অচলাবস্থা জাতীয় বিদ্যুৎ ব্যবস্থায় কোনো প্রভাব ফেলেনি। তা সত্ত্বেও সাইবার হামলার মাধ্যমে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘটনা ব্রিটেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ, বিবিসি