ই-পেপার

হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড উল্লেখ করে মানচিত্র প্রকাশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সামাজিক মাধ্যমে

আপডেট: ১৮ আগস্ট ২০২৬, ২০:১৭
১০ ভিউ
হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড উল্লেখ করে মানচিত্র প্রকাশ

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সামাজিক মাধ্যমে একটি মানচিত্র প্রকাশ করেছেন। সেখানে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড বা অঞ্চল হিসেবে উল্লেখ করা হয়েছে। এর মধ্য দিয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথটির সার্বভৌমত্ব দাবির হুমকিকে তিনি আরও জোরালো করলেন।

ট্রুথ সোশ্যালে ট্রাম্পের প্রকাশিত মানচিত্রে হরমুজ প্রণালির ওপর বৃত্ত আঁকা হয়েছে। ওপরে লেখা- ‘নতুন মার্কিন ভূখণ্ড’। পৃথক আরেকটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘ইরানের সঙ্গে কোনো ধরনের আলোচনা চলছে না। পরবর্তীতে হওয়ারও পরিকল্পনাও নেই। নৌ অবরোধ সম্পূর্ণভাবে কার্যকর আছে। হরমুজ প্রণালি উন্মুক্ত এবং সেখানে চলাচল স্বাভাবিক। সমস্ত মাইন সরিয়ে ফেলা অথবা নিষ্ক্রিয় করা হয়েছে।’

ট্রাম্পের এই বার্তার আগে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের একটি বক্তব্য প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। গালিবাফ বলেন, ‘যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের শর্তগুলো পূরণ না করা পর্যন্ত প্রণালি বন্ধ থাকবে।’ তিনি যেসব শর্ত উল্লেখ করেন সেগুলো হলো- ইরানি সমুদ্রবন্দরের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার, তেল সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দকৃত অর্থ ছাড় এবং সব ফ্রন্টে সামরিক অভিযান ও হুমকির অবসান ঘটানো।

এএফপির প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার ট্রাম্প প্রথমবারের মতো হরমুজ প্রণালি দখলের ধারণা সামনে আনেন। কিছুটা রসিকতার সুরে তখন বলেছিলেন, দ্রুতই এটিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে। এর প্রতিক্রিয়ায় ইরান বলেছিল, প্রণালিটি তাদেরই থাকবে।

কোনো ধরনের নীতি না মেনে অন্য দেশের ভূখণ্ড দখলের হুমকি দেওয়ার ঘটনা এটিই প্রথম নয়। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর হুমকি দেন ট্রাম্প। এরপর গ্রিনল্যান্ড দখল ও গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিতে চান। কিন্তু এখনও এসব হুমকি বাস্তব রূপ পায়নি।