ই-পেপার

হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিল ইরান

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে কোনো দেশ সামরিকভাবে

আপডেট: ১৬ আগস্ট ২০২৬, ০৯:১৪
১৬ ভিউ
হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিল ইরান

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে কোনো দেশ সামরিকভাবে এগিয়ে এলে তাদের পরাজিত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি-এজেই। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণার হুমকিও প্রত্যাখ্যান করেছে তেহরান।

ইরানের বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদ সংস্থা মিজানের এক প্রতিবেদনে বলা হয়েছে, মোহসেনি-এজেই হরমুজ প্রণালিকে ইরানের মালিকানাধীন ও নিয়ন্ত্রিত জলপথ হিসেবে উল্লেখ করেছেন। আন্তর্জাতিক আইন ও ইরানের জাতীয় সার্বভৌমত্বের ভিত্তিতে এই প্রণালির ওপর তেহরানের অধিকার রয়েছে বলেও দাবি করেন তিনি।

মোহসেনি-এজেই বলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে কোনো ‘আগ্রাসী’ দেশ বা সামরিক বাহিনী ইরানের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করলে তাদের পরাজয় নিশ্চিত। সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে যে লক্ষ্য অর্জন করা যায়নি, শুধু বক্তব্য বা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের মাধ্যমে তা অর্জন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার কথা বলেছিলেন। ইরানের পক্ষ থেকে ওই বক্তব্যের কঠোর সমালোচনা এবং প্রত্যাখ্যানের পরই নতুন করে এই হুঁশিয়ারি দেওয়া হলো।

পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। বৈশ্বিক তেল সরবরাহের একটি বড় অংশ এই জলপথের ওপর নির্ভরশীল হওয়ায় অঞ্চলটি ঘিরে যেকোনো সামরিক উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের পাল্টাপাল্টি বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তথ্যসূত্র: জিও নিউজ