ই-পেপার

৬৯তম গ্র্যামিতে মনোনয়ন পেলেন বিশ্বতারকারা

সংগীতজগতের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন গ্র্যামি অ্যাওয়ার্ডসের

আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, ২৩:৩৫
৮ ভিউ
৬৯তম গ্র্যামিতে মনোনয়ন পেলেন বিশ্বতারকারা

ছবি সংগৃহীত: ফাইল ছবি

বিনোদন ডেস্ক : সংগীতজগতের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৯তম আসরের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে রেকর্ডিং একাডেমি। সোমবার প্রকাশিত তালিকায় জায়গা পেয়েছেন ম্যাডোনা, টেইম ইমপালা, স্লেটার, ফ্রেড এগেইন.., ফোবি ব্রিজার্স, কার্ডি বি, ডন টলিভার, জর্জ, রোজালিয়া, বিয়ন্সে ও রায়সহ বহু পরিচিত শিল্পী।

পপ, রক, ড্যান্স, ইলেকট্রনিক, আরঅ্যান্ডবি, র‍্যাপ, জ্যাজ, কান্ট্রি, লাতিন ও গসপেল—সংগীতের বিভিন্ন ধারায় এবার মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিল্পীরা।

ড্যান্স ও ইলেকট্রনিক সংগীতে সেরা রেকর্ডিংয়ের তালিকায় রয়েছে ফ্রেড এগেইন.. ও জেমি টি-র ‘লাইটস বার্ন ডিমার’, ম্যাডোনার ‘আই ফিল সো ফ্রি’, স্লেটারের ‘ক্র্যাঙ্ক’, টেইম ইমপালার ‘মাই ওল্ড ওয়েজ’ এবং তিনাশের ‘মেলাটোনিন’। এ বিভাগে সেরা অ্যালবামের মনোনয়ন পেয়েছে ম্যাডোনার ‘কনফেশনস টু’, রবিনের ‘সেক্সিস্টেনশিয়াল’, স্ক্রিলেক্সের ‘সোমা’, স্লেটারের ‘ওরস্ট গার্ল ইন আমেরিকা’ ও টেইম ইমপালার ‘ডেডবিট’।

রক সংগীতের মনোনয়ন তালিকাতেও রয়েছে পরিচিত মুখ। সেরা রক পারফরম্যান্স বিভাগে মনোনীত হয়েছেন ফোবি ব্রিজার্স, গিজ, অলিভিয়া রদ্রিগো ও রবার্ট স্মিথ এবং দ্য রোলিং স্টোনস। অন্যদিকে সেরা রক অ্যালবামের দৌড়ে রয়েছে ফু ফাইটার্সের ‘ইয়োর ফেভারিট টয়’, মিউজের ‘দ্য ওয়াও! সিগন্যাল’, দ্য রোলিং স্টোনসের ‘ফরেন টাংস’ ও জ্যাক হোয়াইটের ‘ফ্রোজেন শার্লট’।

আরঅ্যান্ডবি বিভাগে মনোনয়ন পেয়েছেন বিয়ন্সে, কেহলানি, ভিক্টোরিয়া মোনে, জিল স্কট ও টেমস। র‍্যাপ পারফরম্যান্স বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন বেবি কিম, কার্ডি বি, ডে লা সোল, টি.আই. ও ডন টলিভার। মেলোডিক র‍্যাপ বিভাগে রয়েছেন বুস্তা রাইমস, কার্ডি বি, ডোইচি, ডন টলিভার ও ওয়ালে।

জ্যাজ বিভাগে মনোনয়ন পেয়েছেন জন বাতিস্ত, সিসিল ম্যাকলরিন সালভান্ত, নিকোল জুরাইটিস ও গ্রেচেন পার্লাটো। কান্ট্রি সংগীতের বিভিন্ন বিভাগে রয়েছেন ভিন্স গিল, এলা ল্যাংলি, কেইসি মাসগ্রেভস, লেইনি উইলসন, ডলি পার্টন ও স্টিফেন উইলসন জুনিয়র। এ ছাড়া আমেরিকান রুটস ও আমেরিকানা বিভাগে মনোনয়ন পেয়েছেন ব্র্যান্ডি কার্লাইল, মাভিস স্ট্যাপলস, জেসি ওয়েলস ও বিলি স্ট্রিংস।

লাতিন সংগীতের বিভাগগুলোতেও রয়েছে একাধিক তারকার নাম। সেরা লাতিন পপ অ্যালবামের মনোনয়ন পেয়েছেন কারোল জি, মন লাফের্তে, কারিন লিওন, রাওয়ায়ানা ও এলেনা রোজ। সেরা মিউজিকা উরবানা অ্যালবাম বিভাগে রয়েছেন রাউ আলেহান্দ্রো, জে বালভিন, রায়ান কাস্ত্রো, আলভারো দিয়াজ, ফেইদ ও ইয়াং মিকো।

আগামী বছরের ৭ ফেব্রুয়ারি রোববার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় অনুষ্ঠিত হবে গ্র্যামির ৬৯তম আসর। বাংলাদেশ সময় ৮ ফেব্রুয়ারি সোমবার ভোরে অনুষ্ঠানটি দেখা যাবে। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে আয়োজন। এবিসি টেলিভিশনে সরাসরি সম্প্রচারের পাশাপাশি ডিজনি প্লাস ও হুলুতেও অনুষ্ঠানটি উপভোগ করা যাবে।