ই-পেপার

রাজনীতি-অভিজাত সমাজের অন্ধকারের গল্প, নতুন চমক বাঁধন

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত

আপডেট: ০১ আগস্ট ২০২৬, ০৯:২৯
১৬ ভিউ
রাজনীতি-অভিজাত সমাজের অন্ধকারের গল্প, নতুন চমক বাঁধন

ছবি সংগৃহীত: ফাইল ছবি

বিনোদন ডেস্ক : রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার বাস্তবতাকে তুলে ধরতে নির্মাতা মোহাম্মদ ইকবাল নির্মাণ করছেন নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’। এই সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের। এবার সিনেমাটিতে যুক্ত হয়েছেন দেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিনেমায় একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করবেন বাঁধন। তবে বিষয়টি নিয়ে এখনই আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চাইছেন না নির্মাতা কিংবা অভিনেত্রী।

নির্মাতা মোহাম্মদ ইকবাল জানান, আগামী ১ আগস্ট সিনেমাটির মহরত অনুষ্ঠিত হবে। সেদিনই আনুষ্ঠানিকভাবে শিল্পীর তালিকাসহ অন্যান্য তথ্য প্রকাশ করা হবে। এ বিষয়ে যোগাযোগ করা হলে বাঁধনও সরাসরি কিছু বলতে রাজি হননি।

তিনি জানান, আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার পরই সিনেমাটি নিয়ে বিস্তারিত জানাবেন। ‘গুলশানের চামেলি’র গল্প আবর্তিত হয়েছে এক যৌনকর্মীকে ঘিরে, যিনি কোনো অপরাধ না করেও বারবার ক্ষমতাবানদের নির্মম ষড়যন্ত্র ও শোষণের শিকার হন।

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। নির্মাতার পরিকল্পনা, আগামী বছরের কোনো এক ঈদে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।

‘গুলশানের চামেলি’তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন কলকাতার মধুমিতা সরকার। বাঁধন ও মধুমিতা ছাড়া অভিনয়ের কথা রয়েছে রোজিনা, আমিন খান, আশীষ খন্দকার প্রমুখ।

আজমেরী হক বাঁধনকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায়। তাঁর অভিনীত আরও দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এগুলো হলো–‘মাস্টার’ এবং ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এর মধ্যে চলতি বছরের ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে সেরা ছবির স্বীকৃতি পেয়েছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’।

এ ছাড়া রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ জায়গা করে নিয়েছে এ বছরের ভেনিস চলচ্চিত্র উৎসবে।