ই-পেপার

২২৬ কোটি টাকার চেক প্রত্যাখ্যান, আইনি চাপে অনন্ত

ব্যাংকঋণের বিপরীতে দেওয়া ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার চেক

আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ১৯:৩০
১৪ ভিউ
২২৬ কোটি টাকার চেক প্রত্যাখ্যান, আইনি চাপে অনন্ত

ছবি সংগৃহীত: ফাইল ছবি

বিনোদন ডেস্ক : ব্যাংকঋণের বিপরীতে দেওয়া ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার চেক প্রত্যাখ্যাত হওয়ায় আইনি নোটিশ পেয়েছেন অভিনেতা, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল। তাঁর মালিকানাধীন এবি অ্যাপারেলস লিমিটেডের ঋণের অর্থ আদায়ে অনন্ত জলিল ও তাঁর প্রথম স্ত্রী খাদিজা পারভীনকে (বর্ষা) নোটিশ পাঠিয়েছে একটি বেসরকারি ব্যাংক।

ব্যাংক সূত্র জানায়, ২০২৪ সালের ২৮ আগস্ট এবি অ্যাপারেলসের ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার ঋণ পুনঃতফসিল করা হয়েছিল। পরে ঋণের একাংশ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ২০২৬ সালের ১৮ অক্টোবর ব্যাংকের অনুকূলে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার চেক দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অনন্ত জলিল। কিন্তু গত ২ নভেম্বর চেকটি ব্যাংকে জমা দেওয়ার পর হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় তা প্রত্যাখ্যাত হয়। এর পরিপ্রেক্ষিতেই আইনি নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে পাওনা টাকা পরিশোধের জন্য ৩০ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করলে অনন্ত জলিল ও খাদিজা পারভীনের বিরুদ্ধে আদালতে মামলা করা হবে বলে জানানো হয়েছে। নোটিশে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারার বিষয়টিও উল্লেখ রয়েছে।

তবে ঋণের পরিস্থিতি নিয়ে অনন্ত জলিলের বক্তব্য ভিন্ন। তাঁর দাবি, করোনাকালে কারখানার শ্রমিকদের কাজ না থাকলেও তাঁদের বেতন-ভাতা চালু রাখতে প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিতে হয়েছিল। পরবর্তী সময়ে সুদ যুক্ত হওয়ায় ঋণের পরিমাণ আরও বেড়েছে। ব্যবসা সচল রাখার স্বার্থে বিভিন্ন পক্ষের সঙ্গে অংশীদারত্বের উদ্যোগ নিলেও তাতে সফল হননি তিনি।

ব্যাংকের আইনি নোটিশের পর অনন্ত জলিলের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।