ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত আহত
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত আহত মার্কিন সেনার সংখ্যা ৭৫০ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ডেটাবেস হালানাগাদের পর এ তথ্য জানা গেছে।
বুধবার (১৯ আগস্ট) ডেটাবেস হালনাগাদ করার পর দেখা যায়, সেখানে নতুন করে আরও ৫০ জনের বেশি সেনার আহত হওয়ার তথ্য রেকর্ড করা হয়েছে। ডিফেন্স ক্যাজুয়াল্টি অ্যানালাইসিস সিস্টেম (ডিসিএএস)-এর ‘ওভারসিজ অপারেশনস’ এবং ‘অপারেশন এপিক ফিউরি’-এর হিসাব একত্রিত করলে দেখা যায়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৮ জন মার্কিন সেনা নিহত এবং ৭৫৭ জন আহত হয়েছেন।
গত মাসে প্রতিরক্ষা দপ্তর ডিসিএএস-এ ‘ওভারসিজ অপারেশনস’ নামে নতুন একটি ক্যাটাগরি যুক্ত করে। সেখানে মূলত গত ৭ জুলাই থেকে নিহত ও আহত সেনাদের হিসাব রাখা হচ্ছে। তবে পেন্টাগন এখনও এ বিষয়ে বিস্তারিত কোনও তথ্য দেয়নি, কিংবা ঠিক কোন সংঘাতে এসব হতাহতের ঘটনা ঘটেছে তা সুনির্দিষ্ট করেনি।
তবে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, চলতি বছরের ৭ জুলাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কংগ্রেসকে জানিয়েছিল, ইরানের সঙ্গে নতুন একটি সংঘাত শুরু হয়েছে।
ইরানের লাগাতার হামলার পরও ডিসিএএস-এ হতাহতের সংখ্যা কমে যাওয়ার ঘটনায় গণমাধ্যম ও আইনপ্রণেতাদের ব্যাপক তোপের মুখে পড়েছিল পেন্টাগন। এরপরই বুধবার ডেটাবেসে হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করা হলো। গত মাসে মোট হিসাব থেকে চারজনের মৃত্যু এবং কয়েক ডজন সেনার আহত হওয়ার তথ্য গায়েব হয়ে গিয়েছিল, যা পুনরায় লিপিবদ্ধ করা হয়েছে।