ই-পেপার

দক্ষিণ কোরিয়া-যুক্তরাজ্য থেকে ২ কার্গো গ্যাস কিনছে সরকার

দেশের গ্যাসের চাহিদা মেটাতে আন্তর্জাতিক বাজার

আপডেট: ২৪ আগস্ট ২০২৬, ২১:৪০
১১ ভিউ
দক্ষিণ কোরিয়া-যুক্তরাজ্য থেকে ২ কার্গো গ্যাস কিনছে সরকার

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : দেশের গ্যাসের চাহিদা মেটাতে আন্তর্জাতিক বাজার থেকে আরও দুই কার্গো এলএনজি কিনছে সরকার। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে সেপ্টেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে এসব এলএনজি আনা হবে। দুই কার্গোর প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) দাম পড়ছে ২৪ ডলারের বেশি।

সোমবার (২৪ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় এসব এলএনজি কেনা হচ্ছে।

অনুমোদন অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার ট্রেডিং ও জ্বালানি কোম্পানি পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে ১৩-১৪ সেপ্টেম্বর সময়ে এক কার্গো এলএনজি আমদানি করা হবে। এর প্রতি এমএমবিটিইউর দাম নির্ধারণ করা হয়েছে ২৪ দশমিক ৬২৫ ডলার।

আর যুক্তরাজ্যের টোটাল এনার্জিস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে ২৩-২৪ সেপ্টেম্বর সময়ে আরেক কার্গো এলএনজি কেনা হবে। এ কার্গোর প্রতি এমএমবিটিইউর দাম পড়বে ২৪ দশমিক ২৫ ডলার।

দুই কার্গোর ক্ষেত্রেই প্রতি এমএমবিটিইউর দাম ২৪ ডলারের ওপরে। এর মধ্যে দক্ষিণ কোরিয়া থেকে কেনা এলএনজির দাম যুক্তরাজ্য থেকে কেনা কার্গোর তুলনায় কিছুটা বেশি।

এর আগে ১৯ আগস্ট সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সৌদি আরবের আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে এক কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়। ওই কার্গোর প্রতি এমএমবিটিইউর দাম ছিল ২৩ দশমিক ৯৩ ডলার।

গ্যাসের চাহিদা মেটাতে ধারাবাহিকভাবে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি করছে সরকার। সর্বশেষ অনুমোদিত দুই কার্গোর দাম আগের ২৩ দশমিক ৯৩ ডলারের তুলনায়ও বেশি।