ই-পেপার

বিশ্বজুড়ে ‘দ্য ওডিসি’র বাজিমাৎ, বাংলাদেশেই আয় ছাড়াল কোটিতে

হলিউডের প্রখ্যাত নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন

আপডেট: ২০ জুলাই ২০২৬, ২২:৩০
১০ ভিউ
বিশ্বজুড়ে ‘দ্য ওডিসি’র বাজিমাৎ, বাংলাদেশেই আয় ছাড়াল কোটিতে

ছবি সংগৃহীত: ফাইল ছবি

বিনোদন ডেস্ক : হলিউডের প্রখ্যাত নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে বক্স অফিসে দারুণ ব্যবসা করছে। প্রথম উইকএন্ডে বা মুক্তির প্রথম তিন দিনে বিশ্বব্যাপী মহাকাব্যিক ফ্যান্টাসি ঘরানার এই সিনেমাটি ২৬৪ মিলিয়ন মার্কিন ডলারের বেশি আয় করেছে; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ১৬৮ কোটি টাকা। ২০১২ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর পর এটিই নোলানের ক্যারিয়ারে সবচেয়ে বড় বৈশ্বিক ওপেনিং।

বক্স অফিসের পরিসংখ্যান অনুযায়ী, সিনেমাটি উত্তর আমেরিকার বাজারে ১২৪.৫ মিলিয়ন ডলার এবং অন্যান্য আন্তর্জাতিক বাজার থেকে ১৩৯.৬ মিলিয়ন ডলার আয় করেছে।

বিশ্ববাজারের পাশাপাশি ভারত এবং বাংলাদেশের বক্স অফিসেও দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে ‘দ্য ওডিসি’। ভারতীয় বক্স অফিসে মুক্তির প্রথম তিন দিনেই সিনেমাটি ৭০ কোটি রুপির বেশি (গ্রস) আয় করেছে, যা দেশটিতে নোলানের যেকোনো সিনেমার জন্য সবচেয়ে বড় ওপেনিংয়ের রেকর্ড। ভারতে প্রথম উইকএন্ড শেষে সিনেমাটির মোট নেট আয় ৬১.৩০ কোটি রুপি এবং গ্রস আয় ৭৩.১৯ কোটি রুপি, যার বড় অংশই (৪৮.৫ কোটি রুপি) এসেছে মূল ইংরেজি সংস্করণ থেকে।

অন্যদিকে, বাংলাদেশের মাল্টিপ্লেক্সগুলোতেও সিনেমাটি দারুণ সাড়া ফেলেছে। চলচ্চিত্রের আয় বিশ্লেষক 'বিএমআর' এর পেজ থেকে দাবি করা হচ্ছে, মুক্তির মাত্র তিন দিনের মাথায় বাংলাদেশের মাল্টিপ্লেক্সগুলো থেকে সিনেমাটির সর্বমোট গ্রস আয় ১ কোটি ২ লাখ টাকা ছাড়িয়েছে। এর মাধ্যমে ‘দ্য ওডিসি’ ২০২৬ সালে বাংলাদেশের মাল্টিপ্লেক্সে কোটি টাকা আয়ের মাইলফলক ছোঁয়া দশম সিনেমা হিসেবে রেকর্ড গড়েছে। মুক্তির তৃতীয় দিনে শুধু স্টার সিনেপ্লেক্সের ৫১টি শো থেকে সিনেমাটির আয় ছিল ২১ লাখ ৩৪ হাজার টাকা। প্রথম তিন দিনে সিনেমাটির গড় দর্শক উপস্থিতি ছিল ৪১ শতাংশ।

প্রাচীন গ্রিক কবি হোমারের মহাকাব্য অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন ক্রিস্টোফার নোলান। এতে রাজা ওডিসিউস চরিত্রে ম্যাট ডেমন এবং তার ছেলে টেলেমেকাসের চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। এছাড়া সিনেমাটির তারকাবহুল কাস্টিংয়ে রয়েছেন অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, শার্লিজ থেরন, লুপিটা নিয়ংও, জেনডায়ার মতো জনপ্রিয় অভিনয়শিল্পীরা।